ভুটানের রাজা-রানির সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবনে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানি গিয়ালতসুয়েন জেতসুন পেমা ওয়াংচুকের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। খবর বাসসের।এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগনে রেজওয়ান সিদ্দিকী ও তাঁর স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।বৌদ্ধবিহারে সংবর্ধনা: ভুটানের রাজা ও রানিকে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিহারে প্রায় দেড় ঘণ্টা অবস্থানকালে রাজা ও রানি পূজা-অর্চনায় অংশ নেন এবং অতীশ দীপঙ্কর স্মৃতি প্যাগোডা ও ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ছাড়াও সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ১০টায় রাজা স্ত্রীকে নিয়ে মহাবিহারে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। মহাবিহারে প্রবেশ করে তাঁরা বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাজা ও রানির সম্মানে চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের পক্ষ থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্মের অংশবিশেষ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাজার হাতে তুলে দেন সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। বৌদ্ধবিহারটিতে ভুটানের রাজার এটি দ্বিতীয় সফর।