ভুটানের সঙ্গে ৫টি চুক্তি-সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতিবিষয়ক এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভুটানের রয়্যাল ব্যাংকুয়েট হলে দেশটির প্রধানমন্ত্রী তেসারিং তোবগের সঙ্গে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে তাঁদের উপস্থিতিতে এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত একটি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ভুটানে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক মনোয়ার হোসেন। অন্যদিকে ভুটান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা চুক্তি ও স্মারকে স্বাক্ষর করেছেন।