ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবার কৃষকেরা বোরো ধান ছেড়ে ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন। বোরো চাষে বেশি খরচ হওয়ায় এবং চলতি মৌসুমে আমন ধানের দাম না পাওয়ায় তাঁরা বোরো চাষে আগ্রহ হারাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম উপজেলা কার্যালয়ের কর্মকর্তা বলেন, উপজেলায় প্রায় ৫২ হাজার ৫১২ একর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। এর মধ্যে এবার ১৪ হাজার ৮২০ একর জমিতে বোরো ধান এবং ৩০ হাজার ৮৭৫ একর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবার ১৯ হাজার ৮৮৩ বিঘা জমিতে বোরো ধান ও ২৩ হাজার ৮৮৩ বিঘা জমিতে ভুট্টা চাষ হয়েছিল।
উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তাঁদের মনে হচ্ছে, নির্ধারণ করা লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান চাষ কম হবে। অন্যদিকে ভুট্টা চাষ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। ধান চাষে সেচ খরচ বেশি আবার দাম কম। অপরদিকে ভুট্টার বাজারদর ভালো থাকায় কৃষকেরা বোরো বীজতলা তৈরি করার পরও ভুট্টা চাষের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন।
গত সোমবার সরেজমিনে উপজেলার কুচলিবাড়ি, পাটগ্রাম ও জোংড়া ইউনিয়নের চারটি গ্রামে ঘুরে দেখা গেছে, অধিকাংশ খেতে কৃষকেরা ভুট্টার বীজ বপন করেছেন। আর কিছু খেত ফাঁকা রেখেছেন। পানবাড়ি গ্রামের কৃষক আবদুল গফুর (৬০) বলেন, গতবার দুই বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। ধানের দাম নেই। তাই এবার বোরো ধান চাষ করবেন না। এবার ভুট্টা লাগাবেন। এ গ্রামের আরও কয়েকজন বললেন, এবার তাঁরাও ধান আবাদ না করে ভুট্টাসহ অন্য ফসল চাষ করার চিন্তা করছেন। কারণ, তাঁরা আমন ধানে লোকসান দিয়েছেন।
কুচরিবাড়ি গ্রামের কৃষক সোবাহান হোসেন (৪৫) বলেন, তিনি তিন বিঘা জমিতে বোরো ধান করার জন্য বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু ধানের সেচ খরচ বেশি লাগে, তাই আর ওই জমিতে ধান আবাদ করবেন না। তাঁর সাত বিঘা জমিতে ভুট্টা লাগাবেন। আর বাকি জমিতে অন্য ফসল করবেন বলে জানান।
উপজেলার ঝাকুয়াটারি গ্রামের কৃষক ওসমান আলী (৪০) বলেন, এ বছর নিজের পরিবারের জন্য ৫০ শতাংশ জমিতে বোরো চাষ করবেন। আর বাকি তিন একর জমিতে ভুট্টা লাগাবেন।
পাটগ্রাম পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর জাম্মান বলেন, বোরো বীজতলা তৈরিতে খরচও বেড়েছে। এতে কৃষকেরা বীজতলার পেছনে বেশি খরচ করতে আগ্রহী নন।
উপজেলার হাটগুলো ঘুরে দেখা গেছে, সেখানে প্রতি মণ আমন ধান ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা বলেন, এক মণ ধান উৎপাদন করতে ৫৫০ থেকে ৬০০ টাকা খরচ হয়। আর বর্তমানে ভুট্টার বাজারদর ৮০০ টাকা আর উৎপাদন খরচ ৫০০ টাকা।
পাটগ্রাম কৃষি কর্মকর্তা নূর আলম বলেন, এ মৌসুমে আমন ধানে বাজারদর কম। তাই কৃষকদের ধান চাষে আগ্রহ কমে গেছে। তাঁদের আউশ চাষে উৎসাহিত করা হচ্ছে। কারণ, এতে সেচের খরচ কম। ফলে এবার ধানের আবাদ কিছুটা কম হতে পারে।