ভুট্টা নিয়ে বিপাকে চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বিঘা জমিতে ভুট্টার চাষ করেছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের কৃষক ইন্তাজ আলী। তিনি আশা করেছিলেন ৭০ থেকে ৭৫ মণ ভুট্টা পাবেন। কিন্তু এক মাস পর দেখা গেল, ভুট্টাগাছগুলো বেড়ে উঠছে না। মাত্র দেড় থেকে দুই ফুট উচ্চতার গাছগুলোর ওপরের অংশ কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে।তাঁর অভিযোগ, কোম্পানি উন্নত বীজ বলে খারাপ বীজ দেওয়ায় এ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।ইন্তাজ আলী একা নন, ওই গ্রামে কৃষকদের মধ্যে যাঁরা এই বীজ ব্যবহার করেছিলেন, তাঁদের সবারই ভুট্টা খেতের একই অবস্থা। তাঁরা অটো ক্রপ কেয়ার কোম্পানির ‘মিরাকেল’ বীজ ব্যবহার করেছিলেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, তিনি খেত থেকে গাছ তুলে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখিয়েছেন। তাঁরা নিশ্চিত করেছেন, বীজবাহিত কোনো রোগের কারণে গাছগুলোর এই অবস্থা হয়েছে।কৃষক ইন্তাজ আলী বলেন, তিনিসহ এলাকার অনেক কৃষক প্রতিবছর জমিতে ভুট্টার চাষ করে থাকেন। এবারও অক্টোবরের শুরুর দিকে ভুট্টা চাষের প্রস্তুতি নেওয়ার সময় এলাকায় বীজ কোম্পানির লোকেরা আসেন। তাঁরা উচ্চ ফলনের প্রলোভন দিয়ে মিরাকেল বীজ ব্যবহারে কৃষকদের আকৃষ্ট করেন। তিনি ছাড়াও গ্রামের অনেকেই ওই বীজ নিয়ে ভুট্টা চাষ করেন। ভুট্টাগাছের বয়স এক মাস হওয়ার পর হঠাৎ তাঁদের চোখে পড়ে গাছগুলো বড় হচ্ছে না এবং গাছের ওপরের অংশ কুঁকড়ে আসছে এবং পাতা ছোট হয়ে যাচ্ছে।জানতে চাইলে অটো ক্রপ কেয়ার কোম্পানির চুয়াডাঙা অঞ্চলের বাজার উন্নয়ন কর্মকর্তা ওসমান আলী বলেন, একধরনের ছত্রাকের কারণে ভুট্টাগাছ বড় হচ্ছে না। একটানা বৃষ্টির কারণে কিছু কৃষকের খেতে এই অবস্থা দেখা দিয়েছে। তাঁরা সারা দেশে যে বীজ দিয়েছেন, তাতে কোথাও কোনো অভিযোগ নেই বলে দাবি করেন তিনি।