ভুট্টা নিয়ে শঙ্কায় দুই হাজার চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইব্রিড ভুট্টাবীজ বপন করে আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা করছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রায় দুই হাজার চাষি। চকচকে প্যাকেটের আড়ালে দুটি প্রতিষ্ঠান নিম্নমানের ভেজাল বীজ দিয়েছে বলে চাষিরা অভিযোগ করেছেন। এতে চারটি গ্রামের ৫০০ হেক্টর জমির ভুট্টা আবাদ নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোয়ালপাড়া, তারানিবাস, দেহাটি ও হাসাদহ গ্রামের চাষিরা সিনজেন্টার ‘সানশাইন’ এবং থ্রিএস কোম্পানির ‘ডিকাল্ব ৯৮১ এম গোল্ড’ ও ‘ডিকাল্ব ৯০০ এম গোল্ড’ হাইব্রিড জাতের ভুট্টার আবাদ করেছিলেন। হাসাদহ গ্রামের চাষি আবদুল মোমিন বলেন, ‘গ্যালোবার এক বিগে জমিতি ভুট্টোর আবাদ কইরে খরজ বাদে ২০ হাজার ট্যাকা লাব কইরেলাম। তাই অনেক আশা নিয়ে এবেড্ডা তিন বিগে জমিতি হাইব্রিগেড ভুট্টো আবাদ করিচি। কিন্তু গাচ এক-দেড় হাতের বেশি বাইড়ে ওটচে না। অ্যারাম অবস্থায় খরজ ওটপে কি না, চিন্তায় আচি।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ৩৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। এর মধ্যে জীবননগর উপজেলায় আবাদ করা হয়েছে সাত হাজার হেক্টরে। আবাদ এখনো চলছে। সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ভুট্টাগাছ দুই ফুট উঁচু হওয়ার পর আর বেড়ে উঠছে না। এসব গাছ ও গাছের পাতা স্বাভাবিক গাছের তুলনায় চিকন, গাছের গোড়া ও ডগার দিকে অনেকগুলো শাখা-প্রশাখা বের হচ্ছে এবং অনেক গাছ মারাও যাচ্ছে। কোনো খেতে ২০-৩০ শতাংশ, আবার কোথাও ৮০-৯০ শতাংশে এ সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় সিকি ভাগ ফলন হবে কি না, তা নিয়েই কৃষকেরা শঙ্কিত। উপজেলার গোয়ালপাড়া গ্রামের চাষিরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গ্রামের কৃষক রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, মিয়াজান আলী, আইদুল হক, ইমরান হোসেন, সুমন আলী ও আনোয়ার হোসেনের ভুট্টাখেতের ৮০-৯০ ভাগেই এসব সমস্যা দেখা দিয়েছে। তাঁরা গাছ কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন। অথচ তাঁদের বিঘাপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি গত ২৮ নভেম্বর লিখিত প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলার ২৫০ হেক্টর জমির ভুট্টাখেতে এ সমস্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সবাই সানশাইন এবং ডিকাল্ব ৯৮১ ও ডিকাল্ব ৯০০ এম গোল্ড জাতের বীজ ব্যবহারকারী। যেসব খেতে ২০-৩০ শতাংশ গাছ রোগাক্রান্ত, সেগুলো বেছে বেছে কেটে ফেলতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। সিনজেন্টার জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, আক্রান্ত ভুট্টাখেতের ছবি তুলে ও নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তার ধারণা, জমির বৈশিষ্ট্যগত কারণ এবং যথাযথ উপায়ে সার ও সেচ প্রয়োগ না করায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে বীজের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে বীজের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।