ভুট্টাখেতে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামে শুক্রবার ভুট্টাখেতে বিদ্যুতের তারে জড়িয়ে কোহিনূর খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হরিনাথপুর গ্রামের সোনার উদ্দিনের খেতের ভুট্টার মোচা শিয়াল-কুকুর খেয়ে ফেলে বলে ফসল রক্ষায় তিনি খেতের চারপাশে তারের বেড়া দিয়ে বেড়ায় বিদ্যুৎ-সংযোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী কোহিনূর খাতুন (৩৫) ছেলেকে নিয়ে ঘাস কাটতে ওই খেতের আইলে যান। একপর্যায়ে কোহিনূর বেড়া টপকে ভুট্টাখেতের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতায়িত বেড়ায় জড়িয়ে ঘটনাস্থলেই কোহিনূর মারা যান। পরে এলাকাবাসী বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কোহিনূরের লাশ উদ্ধার করে। এ নিয়ে গ্রামে ওই দিন রাতে সালিসি বৈঠকে বসে। সালিসে মাতব্বরেরা জমির মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন। সালিসে ওই টাকা কোহিনূরের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে লাশ দাফন করা হয়। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারিনি।’