ভুট্টাগাছে মোচা আছে দানা নেই, দিশেহারা কৃষক
লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা-ধরলাসহ বিভিন্ন ছোটখাটো নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলসহ পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবছরই ভুট্টার চাষ করেন কৃষকেরা। এবারও অনেক কৃষক ভুট্টার চাষ করেন। কিন্তু এবার প্রতিটি গাছেই মোচা আছে, নেই ভুট্টার দানা। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
পাটগ্রামের সিট জমগ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম (৬০) বলেন, নানা প্রতিকূলতার মাঝেও ধারদেনা করে ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। তবে তাঁর পাঁচ বিঘা জমির ভুট্টার মোচায় আসেনি কোনো দানা। এই পাঁচ বিঘায় তিনি দিয়েছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিড লিমিটেডের সিপি-৯৮৮ জাতের ভুট্টা। এ অবস্থায় তাঁর মাথায় হাত পড়েছে। এ বিপর্যয়ের পর তাঁর ১১ জনের সংসার এখন কীভাবে চলবে, সেই চিন্তায় তিনি এখন দিশেহারা।
হাতীবান্ধার উত্তর পারুলিয়া এলাকার ক্ষতিগ্রস্ত ভুট্টাচাষি সিরাজুদ্দিন (৬০) বলেন, জমির মালিকের কাছ থেকে প্রতি বিঘা তিন হাজার টাকায় বর্গা নিয়ে তিনি এবার ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। তবে তাঁর আড়াই বিঘা জমির ভুট্টার মোচায় কোনো দানা আসেনি। এই আড়াই বিঘায় তিনি দিয়েছিলেন কাবেরী সিড লিমিটেডের কাবেরী-৫০ জাতের ভুট্টা। ভুট্টা চাষে যা খরচ করেছেন, তা ঋণের টাকায়। এখন কী হবে? একই গ্রামের কৃষক মফিজুল ইসলামসহ ছয়জন কৃষক অভিযোগ করে বলেন, গত বছর কাবেরী-৫০ জাতের ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমেও তাঁরা ওই জাতের ভুট্টা চাষ করেছেন। কিন্তু এবার কাবেরী-৫০ জাতের ভুট্টার মোচা হয়েছে ঠিকই, তাতে দানা হয়নি। এতে তাঁরা হতাশ।
ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিড লিমিটেডের মার্কেটিং অফিসার (বিপণন কর্মকর্তা) মাসুদ রানা বলেন, ‘বিভিন্ন কারণে ভুট্টার মোচায় দানা নাও হতে পারে। খবর পাওয়ার পর আমাদের লোকজন হামিদুলের ভুট্টাখেত পরিদর্শন শেষে বিষয়টির সুরাহা করা হয়েছে। অন্য জমিতেও একই বীজ বপন করা হয়েছে। সেটিতে ঠিকমতো মোচা ও দানা হয়েছে। পানি কমবেশি বা খাদ্যঘাটতি কারণে এটা হতে পারে।’
কাবেরী সিড লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা শাহিনুর কিবরিয়া বলেন, বিষয়টি তিনি শুনে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বৈরী আবহাওয়ার কারণে এটা হতে পারে। এ ছাড়া শুধু কারেরী-৫০ নয়, এবার বিভিন্ন কোম্পানি ভুট্টা মোচায় দানা হয়নি। তবে কী কারণে এটি হয়েছে, তা কৃষি বিভাগের লোকজন বলতে পারবেন।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপরিচালক বিধু ভূষণ বলেন, ‘বিষয়টি জানার পর সরেজমিনে ওই ভুট্টাখেত পরিদর্শন করেছি। চরের মাটিতে অনুখাদ্যের ঘাটতির কারণেও এমনটি হতে পারে। কারণ, একই জাতের ভুট্টা বীজ বপন করে বিভিন্ন খেতে ভুট্টার দানা এসেছে। এরপরও ওই এলাকার মাটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।