ভুট্টাচাষিদের চোখে-মুখে খুশির ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। প্রথম থেকেই দাম ভালো পাওয়ায় ভুট্টাচাষিদের চোখে-মুখে খুশির ঝিলিক দেখা দিয়েছে। তবে বর্তমানে দাম কিছুটা কমলেও অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় চাষিরা বেশ খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় এবার ৪১ হাজার ২৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে; যা গত বছরের তুলনায় ৭৩৫ হেক্টর বেশি। কর্মকর্তারা জানান, ইতিমধ্যে প্রায় অর্ধেক জমির ভুট্টা চাষিরা ঘরে তুলেছেন। এবার গড় উৎপাদন দাঁড়িয়েছে প্রতি হেক্টরে নয় মেট্রিক টন। সে হিসাবে জেলায় এ বছর ভুট্টার মোট উৎপাদন দাঁড়াবে তিন লাখ ৭১ হাজার ২৫০ মেট্রিক টন। চুয়াডাঙ্গার সব কটি সড়ক-মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ রাস্তার দুই পাশে ভুট্টাখেতে হলুদ-সবুজের সমারোহ, সবার দৃষ্টি কাড়ছে। চাষিরা জানান, বৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের আগেই ভুট্টা কেটে ঘরে তুলতে চান। কিন্তু হঠাৎ করে শ্রমিক-সংকট হওয়ায় কিছুটা চিন্তিতও তাঁরা। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান জানান, ১০ বছর আগে কৃষকদের অনুরোধ করেও ভুট্টা আবাদ করানো যায়নি। এখন তাঁদের থামানোই যাচ্ছে না। ভবিষ্যতে এই চাষ আরও বাড়বে বলে তিনি মনে করছেন।দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের হুমায়ুন কবীর জানান, এবার বিঘাপ্রতি গড়ে ৩০ মণ ফলন হয়েছে। ব্যাপারীরা খেত থেকেই এক বিঘা জমির ভুট্টা ২০ থেকে ২২ হাজার টাকায় কিনে নিচ্ছেন। এতে ভুট্টাচাষিদের ফসল কাটা ও ঝাড়ার জন্য শ্রমিক ও পরিবহন খরচের প্রয়োজন হচ্ছে না। চাষিরা অনায়াসে এক বিঘা জমিতে খরচ বাদে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ করছেন। চুয়াডাঙ্গার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, মার্চের প্রথম দিকে প্রতি মণ ভুট্টা এক হাজার ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বর্তমানে ৮০০ থেকে ৮৫০ টাকার মধ্যে ওঠানামা করছে। ভুট্টাচাষিরা বলছেন, দাম বর্তমান পর্যায়ে থাকলেও অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী এম আবদুল্লাহ শেখ ও ডিঙ্গেদহ বাজারের আনসার আলী জানান, চুয়াডাঙ্গার ভুট্টার গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানের মুরগির খাবার (পোলট্রি ফিড) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চুয়াডাঙ্গা থেকে ভুট্টা সংগ্রহ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক হরিবুলা সরকার জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর ভুট্টার আবাদ, ফলন ও দাম সবই ভালো। এমন দাম থাকলে চাষিরা ভুট্টা চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন।