ভুট্টাবীজ কিনে প্রতারিত হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ডিকাল্ব-৯৮১ জাতের ভেজাল ভুট্টার বীজ বপন করে চার কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলা কৃষি কর্মকর্তা ভুট্টাখেত পরিদর্শন করে এ অভিযোগের সত্যতা পেয়েছেন।
জানা গেছে, উপজেলার উল্লাপাড়া গ্রামের মঞ্জিল হোসেন, জামাল উদ্দিন, ভরনশাহী গ্রামের আবদুল হান্নান ও চালাপাড়া গ্রামের আবদুল কুদ্দুস তালুকদার—এই চার কৃষক মিলে মাঠপাড়া গ্রামে একটি কৃষিখামার গড়ে তোলেন। সেখানে তাঁরা চলতি মৌসুমে ধুনট বাজারের মেসার্স সরকার ট্রেডার্সের মালিক শিশির কুমার সরকারের কাছ থেকে ডিকাল্ব-৯৮১ জাতের উচ্চ ফলনশীল ভুট্টার বীজ ক্রয় করে ১৪ বিঘা জমিতে বপন করেন। বীজ বপনের পর তিন থেকে চার মাসের মধ্যে ভুট্টার ফলন পাওয়ার কথা। কিন্তু তিন মাস পার হলেও ওই জমির ভুট্টার থোড় এখনো তেমন বের হয়নি। কিছু থোড় বের হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। এ ঘটনায় খামারের মালিকেরা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে রোববার সকালে অভিযোগ করেন। অভিযোগ শুনে জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, বীজ পরিবেশক শিশির কুমার ওই খামার পরিদর্শন করেন। পরে তাঁরা ওই অভিযোগের সত্যতা পান।