ভুট্টার দাম নিয়ে কারসাজি
চুয়াডাঙ্গায় প্রতিবছর ভুট্টার আবাদ বাড়ছে। বর্তমানে এই ভুট্টা চাষের সঙ্গে জড়িত প্রায় দুই লাখ কৃষক। ভুট্টা কেনাবেচা, বাছাই, প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণসহ নানা কাজে জড়িত আরও প্রায় ৫০ হাজার মানুষ। কিন্তু একটি চক্র নিজেদের মতো করে দাম নির্ধারণ করায় মাড়াই মৌসুমে আশানুরূপ দাম পান না চাষিরা। আর যখন দাম বাড়ে, তখন কৃষকের হাতে আর ভুট্টা থাকে না। ফলে লাভবান হন কতিপয় ব্যবসায়ী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০১৩-১৪ অর্থবছরে জেলায় ৪৭ হাজার ৫৩০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। পাঁচ বছর আগে এর পরিমাণ ছিল ৩০ হাজার ১০০ হেক্টর। অর্থাৎ পাঁচ বছরে আবাদ বেড়েছে ১৭ হাজার ৪৩০ হেক্টর জমিতে। অনুকূল পরিবেশ থাকলে হেক্টরপ্রতি (সাড়ে সাত বিঘা) গড়ে নয় মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়।
কৃষকেরা জানান, প্রতি বিঘায় ভুট্টা চাষে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। জমি বর্গা বা ইজারা নিয়ে চাষ করলে খরচ আরও পাঁচ থেকে ছয় হাজার টাকা বেশি। প্রতি বিঘায় গড়ে ৩০ মণ ভুট্টা পাওয়া যায়। বর্তমানে প্রতি মণ বিক্রি হচ্ছে গড়ে ৬৫০ টাকায়। অর্থাৎ প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৫০০ টাকা।
সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কৃষক জহুরুল ইসলাম ও রুহুল আমিন নূর বলেন, দুই মাস আগেও ৯০০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি হয়েছে। ভারত থেকে ভুট্টা আনা শুরু হলে দর ৭০০ টাকায় দাঁড়ায়। এখন ৬৫০ টাকায় এসে দাঁড়িয়েছে। ৮০০ টাকা পেলে তাঁদের কিছুটা লাভ থাকে। একই কথা বলেন সদর উপজেলার হায়দারপুর গ্রামের কৃষক মোহাব্বত আলী ও আলাউদ্দিন।
অনুসন্ধান করে জানা গেছে, পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যবসায়ীদের হাতে জিম্মি ভুট্টার বাজার। তাঁরা সবাই এক হয়ে বাজারদর ঠিক করেন। এরপর ওই দরে ভুট্টা কিনে গুদামজাতকরণ করেন। কৃষক বাধ্য হয়েই কম দামে ভুট্টা বিক্রি করেন। কৃষকের হাতছাড়া হলেই মণপ্রতি দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে যায়।
জেলার শীর্ষস্থানীয় ভুট্টা ব্যবসায়ী সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের আকবর আলী মালিতাও স্বীকার করেন, কৃষকেরা বর্তমানে ভুট্টার যে মূল্য পাচ্ছেন, তা তুলনামূলক অনেক কম। তিনি বলেন, গত বছর এই সময়ে প্রতি মণ ভুট্টা ৮৬০ থেকে ৯০০ টাকা দরে কিনলেও বৃহস্পতিবার তা ৬৭০ টাকা দরে কিনেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষিপণ্যের মূল্য নির্ধারণে কোনো নীতিমালা নেই। সরকারিভাবেও ভুট্টা কেনা হয় না। কৃষকদের পক্ষে জোরালো কাজ করার মতো কোনো সংগঠন নেই। ভুট্টা রপ্তানির সুযোগ নেই। এ সুযোগে ফিডমিলগুলো সংগঠিত হয়ে ক্রয়মূল্য নির্ধারণ করে। তাদের ওপর নির্ভর করে স্থানীয় ব্যবসায়ীরাও ভুট্টার বাজারমূল্য ঠিক করেন। এ ক্ষেত্রে তাঁরাও অসহায়।
জেলা চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান বলেন, কেবল সরকারিভাবে ভুট্টা কেনা শুরু হলেই কৃষকেরা ন্যায্যমূল্য পাবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. আবদুল লতিফ জানান, বর্তমান বাজারদর অনুযায়ী ভুট্টাচাষিদের উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য প্রায় সমান।
পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সিপি, নিউ হোপ, এসিআই গোদরেজ, আফতাব ও নারিশের ভুট্টা ক্রয়কেন্দ্র আছে চুয়াডাঙ্গায়। সিপি ও আফতাবের কারখানাও আছে জেলায়। সিপি বাংলাদেশের সহকারী বিভাগীয় ব্যবস্থাপক এনামুল করিম বলেন, গত বছরের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে পোলট্রি খাতে নেতিবাচক প্রভাব পড়ে। ডিসেম্বরে এক কোটি মুরগির বাচ্চা বিক্রির লক্ষ্য থাকলেও সেখানে মাত্র ২৫ লাখ বিক্রি হয়েছে। যে কারণে খাদ্যের চাহিদাও কমে গেছে। অন্যদিকে বড় ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ভুট্টা মজুত বাড়িয়ে দেওয়ায় ফিডমিলগুলো ভারত থেকে ভুট্টা আমদানি করে। এ কারণে যে গতিতে ভুট্টা কেনার কথা, সেভাবে কোনো প্রতিষ্ঠানই কিনছে না। তবে নতুন করে দাম কমার আর কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি।