ভুট্টার দাম নিয়ে কারসাজির সত্যতা পেয়েছে কৃষি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ভুট্টার দাম নিয়ে কারসাজির ঘটনার সত্যতা পেয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷ এ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালকের কাছে পাঠানো হয়েছে৷
গত ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘ভুট্টার দাম নিয়ে কারসাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ বিষয়টি সরেজমিন উইংয়ের পরিচালক আবদুল মান্নানের নজরে এলে তিনি অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক হরিবুলা সরকারকে তদন্তের নির্দেশ দেন৷ হরিবুলা সরকার ২ জুন চিঠির মাধ্যমে ওই নির্দেশনা পেয়ে শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. আবদুল লতিফকে তদন্তের দায়িত্ব দেন। ওই কর্মকর্তা ২৪ জুন সরেজমিন তদন্ত সম্পন্ন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গায় গত পাঁচ বছরে ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে৷ মণপ্রতি কমপক্ষে ৮০০ টাকায় বিক্রি হলে কৃষকদের কোনো দুঃখ থাকে না। জেলায় ভুট্টা কেনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ভুট্টা সংগ্রহ করে ওই সব প্রতিষ্ঠানে বিক্রি করে। ভুট্টার মৌসুমে কৃষকেরা নিজেদের প্রয়োজনে ভুট্টা বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়েন৷ এ ছাড়া মৌসুমে অনেক সময় ভারতীয় ভুট্টা আমদানি করা হয়। এই সুযোগে প্রতিষ্ঠানগুলো কৃষকদের ভুট্টার দাম কমিয়ে দেয়৷ প্রতিষ্ঠানগুলো ভুট্টার আর্দ্রতা ও পরিমাপের সময় কৃষকদের সমস্যায় ফেলে৷