ভুতুড়ে বিল!
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের গদাইরূপসী গ্রামের বাসিন্দারা পল্লী বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে বিভ্রান্তিতে পড়েছে। চলতি মাসে তাদের বিদ্যুৎ বিল ৫০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেড়ে গেছে। গ্রামবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের অসৎ কর্মকর্তা-কর্মচারীরা মিটার না দেখে বিল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।গ্রামের বাসিন্দা তালেব উদ্দিন জানান, তাঁর বিদ্যুৎ বিল ১৫০ থেকে ২০০ টাকার মধ্য সীমাবদ্ধ থাকে। কিন্তু চলতি মাসে বিল এসেছে ১৫ হাজার ৫৭০ টাকা। তালেব উদ্দিনের মতো গ্রামের আরও ৪৫ জন গ্রাহকের একই অবস্থা।গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৬৫ জনের মতো গ্রাহক আছেন। একেকটি বাড়িতে দুই থেকে তিনটি এনার্জি সেভিং বাল্ব ও এক থেকে দুটি বৈদ্যুতিক পাখা আছে। সংযোগ পাওয়ার পর থেকে কোনো মাসেই তাঁদের বিদ্যুৎ বিল ২০০ থেকে ৩০০ টাকার বেশি ওঠেনি। গত নভেম্বর মাসে গ্রামের বাসিন্দা বরাত আলীর বিল এসেছিল ২৩২ টাকা। এ মাসে তা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ১১৭ টাকা হয়েছে। একইভাবে মমতাজ উদ্দিনের বিল ৩০০ থেকে বেড়ে চার হাজার টাকা হয়েছে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক আবদুুল মতিন বলেন, ‘প্রতিমাসে মিটার রিডিং দেখে বিল তৈরি করা হয়। এর পরও কোনো কারণে ভুল হতে পারে। গ্রাহকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পুনারায় মিটারগুলো দেখে ব্যবস্থা নেব।’