রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে গতকাল রোববার বিকেলে বিএনপি রক্ষা কমিটির পূর্বনির্ধারিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। মহানগর বিএনপির সমন্বয়হীন কমিটি বাতিল করে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল রক্ষা কমিটি। পুলিশের বাধায় শেষ পর্যন্ত তারা মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব সাইদুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা নগরের ভুবনমোহন পার্কে ঢোকার চেষ্টা করেন। এ সময় পার্কের দুটি ফটকেই পুলিশ মোতায়েন ছিল। পুলিশ তাঁদের ঢুকতে বাধা দেয়। কোনো ফটক দিয়েই পার্কে ঢুকতে না পেরে পাশেই মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা তাঁদের নির্ধারিত সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদা, অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব সাইদুর রহমান।
ভুবনমোহন পার্কে সমাবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান বলেন, তাঁরা পার্কে অনুষ্ঠান করার জন্য কোনো অনুমিত নেননি।