ভুয়া চিকিৎসক দম্পতির দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি এবং ডাক্তার লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক সেজে চট্টগ্রাম নগরের গোলপাহাড় এলাকায় রোগী দেখে আসছিলেন উজ্জ্বল কান্তি দেব ও তাঁর স্ত্রী চিত্রা সরকার। গতকাল রোববার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ ভুয়া চিকিৎসক দম্পতিকে দুই বছর করে কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী এমবিবিএস ও বিডিসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারেন না।

উজ্জ্বল দেব মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন বলে দাবি করলেও সনদ দেখাতে পারেননি। তাঁর স্বীকৃত কোনো ফিজিওথেরাপি ডিগ্রি নেই। এর আগে ২০১১ সালে উজ্জ্বল কান্তি দেবকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে চেম্বার করে উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার নিয়মিত রোগী দেখতেন। নামের পাশে ডা. লিখে তাঁরা রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপত্রও দিতেন। সরেজমিনে দেখা যায়, ওই দুজনের নামের পাশে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডিগ্রি লিখে সাইনবোর্ড লাগানো হয়েছে।

জানা যায়, গোলপাহাড়ের চেম্বার ছাড়াও নগরের ও আর নিজাম সড়কে অ্যাপোলো ফিজিওথেরাপি ক্লিনিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের অপর একটি চেম্বারেও বসতেন চিত্রা সরকার।

আনোয়ার পাশা বলেন, তাঁরা দুজনই ভুয়া চিকিৎসক। তাঁদের কোনো ফিজিওথেরাপি ডিগ্রি নেই। সমাজবিজ্ঞান থেকে এসএসসি পাস করে উজ্জ্বল নানা ভুয়া ডিগ্রি লাগিয়ে ফিজিওথেরাপি চিকিৎসক বনে যান। চিত্রা সরকারও একই কায়দায় চিকিৎসক হন। তাই তাঁদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উজ্জ্বল দেব অপরাধ স্বীকার করে বলেন, ‘আমার কোনো ডিগ্রি নেই। আগেও জরিমানা করা হয়েছিল। ডাক্তার লিখতে নিষেধ করা হয়েছিল।’