ভুয়া চিকিৎসকের দুই বছরের দণ্ড
নওগাঁয় কাইসার উদ্দিন মাহফুজ (৩২) নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের গোয়েন্দা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যদের হাতে আটক হওয়ার পর তাঁকে এই সাজা দেওয়া হয়। কাইসারের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কাইসার তিন সপ্তাহ ধরে নওগাঁ শহরের কমপ্যাথ মেডিকেল ক্লিনিকে আলট্রাসনোগ্রাম, প্যাথলজি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন। দুই সপ্তাহ আগে তাঁর দেওয়া আলট্রাসনোগ্রামের প্রতিবেদন অনুযায়ী এক রোগীর অস্ত্রোপচারের পর ওই প্রতিবেদন ভুল প্রমাণিত হয়। বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হয়। খোঁজখবর নিয়ে কাইসারের সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় বিষয়টি ডিএসবি কর্মকর্তাদের জানানো হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের দয়ালের মোড়ে ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে সিভিল সার্জন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী হাকিম রিপন কুমার সাহার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই চিকিৎসকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল। সর্বশেষ তিনি একটি রোগীর পিত্তথলিতে পাথর রয়েছে বলে আলট্রাসনোগ্রাম রিপোর্ট দেন। কিন্তু অস্ত্রোপচার করে দেখা যায়, কোনো পাথর নেই। এরপর থেকে তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তাঁর ডাক্তারি সনদপত্র ভুয়া।’