ভুয়া তথ্য দিয়ে ফাঁসলেন যুবক!
পুলিশকে ভুয়া তথ্য দিয়ে ফেঁসে গেছেন সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক। কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে সাইফুলের বাড়ি।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে সাইফুল ইসলাম মুঠোফোনে গোয়েন্দা পুলিশকে জানান, চর মিলপাড়ায় কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন ইসলামের বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। রাত ১২টার দিকে সাইফুল আবার পুলিশকে একই তথ্য দেন।
এর ভিত্তিতে পুলিশ গভীর রাতে দীন ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশিতে পুলিশকে সহায়তা করেন দীন ইসলাম। পুলিশ কাউকে না পেয়ে সাইফুলকে আটক করে। পরে সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়ির শৌচাগারের ছাদে তল্লাশি চালিয়ে একটি পয়েন্ট টু টু বোর রাইফেল ও তিনটি হাতবোমা পায় পুলিশ। এ ঘটনায় সন্দেহ হলে সাইফুলকে গোয়েন্দা কার্যালয়ে নেয় পুলিশ।
কুষ্টিয়া ডিবির উপপরিদর্শক (এসআই) জাহিদ বিন আলম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে দীন ইসলামকে ফাঁসাতে তাঁর বাড়ির টয়লেটের ছাদে অস্ত্র ও বোমা রেখে পুলিশকে খবর দেন সাইফুল। সাইফুলকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তদন্ত চলছে। সাইফুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।