ভুয়া দন্ত চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাতিষ্ঠানিক সনদ না থাকা সত্ত্বেও নিজেকে দন্ত চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে চট্টগ্রামে ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের অলংকার মোড় এলাকায় অলংকার শপিং কমপ্লেক্সে তাঁর ক্লিনিকে অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া।
মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ‘ইমরান ডেন্টাল সার্জারি’ নামের ক্লিনিক ব্যবসা চালিয়ে আসছিলেন ইমরান হোসেন। চিকিৎসার নামে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর কাছে আসা রোগীরাও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ কারণে আইন অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।