ভুয়া নিবন্ধন সনদে প্রভাষক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক এবং আরবি বিভাগের প্রভাষক মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওমর ফারুক ও শিহাব উদ্দিন ২০১২ সালে চাকরিতে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁরা এমপিওভুক্ত (বেতনের সরকারি অংশ পাওয়ার তালিকাভুক্ত) হন। এমপিভুক্ত হওয়ার পর তাঁদের নিবন্ধন যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে চিঠি পাঠায়। সেখানে কাগজপত্র যাচাইয়ে তাঁদের নিবন্ধন সঠিক না হওয়ার বিষয়টি ধরা পড়ে।
মাদ্রাসা সূত্রে আরও জানা গেছে, এনটিআরসিএর সহকারী পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মো. লোকমান হোসেন ১৮ জুন এক চিঠিতে ওই দুজন প্রভাষকের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ সঠিক নয় বলে উল্লেখ করেন। ওই চিঠিটি মাদ্রাসা কর্তৃপক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ উদ্দিন চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ওই দুই প্রভাষকের বিষয়টি নিয়ে গত ২৮ জুন মাদ্রাসার পরিচালনা পর্ষদের জরুরি সভা হয়। সভায় তাঁদের শিক্ষক হাজিরা খাতায় সই করা থেকে বিরত রাখা, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং বেতন-ভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে শিহাব উদ্দিন বলেন, ‘কী কারণে এ ধরনের অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঢাকায় গিয়ে খোঁজ না নিয়ে কিছু বলতে পারব না।’ তিনি দাবি করেন, তাঁর নিবন্ধন সনদে কোনো ঘাপলা নেই। ওমর ফারুকের দাবি, তাঁর নিবন্ধন সনদ সঠিক।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল হক বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে কিছু জানানো হয়নি। নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কথায় আমরা কিছু করব না।’