ভুয়া পরিচয়ের সিমে চলছে উত্ত্যক্ত, হুমকি ও চাঁদাবাজি
চট্টগ্রাম বন্দর নগরে মোবাইল ফোনে উত্ত্যক্ত, হুমকি, চাঁদাবাজিসহ অপরাধ করা হলেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ভুক্তভোগী ব্যক্তিরা পুলিশকে জানালেও ভুয়া জাতীয় পরিচয়পত্র, সনদ ও ছবি ব্যবহার করে সিম নেওয়ায় ধরা পড়ছে না। হুমকিদাতাদের পুলিশ ধরতে না পারলেও ভুয়া পরিচয়পত্রে সিম বিক্রয়কারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার অনিন্দিতা বড়ুয়া প্রথম আলোকে বলেন, অবৈধভাবে মোবাইল ফোনের সিম বিক্রি বেড়ে যাওয়ায় অপরাধীদের সহজে শনাক্ত করা যাচ্ছে না। দেখা গেল একটি নম্বর থেকে কাউকে চাঁদা ও হত্যার হুমকি দিল। কিন্তু সিমের রেজিস্ট্রেশনে আছে অন্য ব্যক্তির ঠিকানা ও ছবি। এতে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এ ব্যাপারে সিম বিক্রিতে সতর্কতা অবলম্বনের জন্য মোবাইল ফোন কোম্পানিগুলোকে চিঠি দিয়ে জানানো হবে। নগরের লাভলেইন এলাকার গৃহিণী ফরিদা পারভীন প্রথম আলোকে বলেন, ২০ দিন ধরে একটি ফোন (০১৮২৫১৪৮২৯৮) থেকে রাত-দিন ফোন করে উত্ত্যক্ত করছেন এক যুবক। পুলিশকে জানালেও তাঁকে ধরতে পারছে না।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, মোবাইল ফোনে চাঁদাবাজি, উত্ত্যক্ত, হুমকিসহ নানা অভিযোগ আসে পুলিশের কাছে। পুলিশ নম্বরগুলোর সিম রেজিস্ট্রেশনে নাম-ঠিকানা ও পরিচয়পত্র দেখে হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা করে। দেখা গেল চট্টগ্রামে বসে এক লোক কাউকে হুমকি দিচ্ছে। কিন্তু সিমের রেজিস্ট্রেশনে রয়েছে ঢাকা কিংবা রাজশাহীর ঠিকানা। ওই ঠিকানায় যোগাযোগ করা হলে সিমটি ঢাকা কিংবা রাজশাহীর ব্যক্তির নয় বলে জানা যায়। এতে হুমকিদাতাকে সহজে শনাক্ত করা যায় না।
জানা গেছে, নির্দিষ্ট ডিলারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও একটি ফরম পূরণ করে সিম ক্রয়ের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। টেলিযোগাযোগ আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে সিম বিক্রি প্রমাণিত হলে জরিমানা, ১০ বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।