ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ছয় দিন কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি আদালতের নাম ব্যবহার করে পাঠানো ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ছয় দিন কারাবাস করেছেন সুনামগঞ্জের এক ব্যবসায়ী। ২৩ মে সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আলী আহমদ (৫৪) নামের ওই ব্যবসায়ীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন।
আলী আহমদ জানান, গ্রামের পাশের আদার বাজারে তাঁর রড়-সিমেন্টের ব্যবসা আছে। ২৩ মে দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়ে গ্রামের আরও কয়েকজনের সঙ্গে তিনি কাজে গিয়েছিলেন। বেলা আড়াইটার দিকে সদর থানার একদল পুলিশ ওই কার্যালয়ে গিয়ে জানায়, তাঁর নামে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়। ওই দিনই পুলিশ তাঁকে সুনামগঞ্জের নির্বাহী হাকিম আদালতে হাজির করলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারার অভিযোগ ছিল।
আলী আহমদের আত্মীয় সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী রমজান আলী জানান, পরে তাঁরা কাগজপত্র নিয়ে ঢাকার সংশ্লিষ্ট আদালতে যান। সেখানে গিয়ে দেখেন, ঢাকার গাবতলী থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আলী আহমদের নাম নেই। আসামি অন্য আরেকজন। ওই আসামির বিরুদ্ধে অভিযোগও ভিন্ন। আলী আহমদের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া। ওই আদালত থেকে আলী আহমদের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়নি।
এরপর ২৬ মে তাঁরা এ বিষয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আলী আহমদকে জামিন ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশের কপি গত বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ কারাগারে পৌঁছালে আলী আহমদ মুক্তি পান।
আলী আহমদের আইনজীবী মুস্তাফিজ আলী পীর বলেন, ‘ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানিয়ে আমরা আবেদন করার পর আদালত আলী আহমদকে জামিন এবং মামলা থেকে অব্যাহতি দেন।’ তিনি বলে, ‘এটা কেউ শত্রুতাবশত করে থাকতে পারে।’
ব্যবসায়ী আলী আহমদ বলেন, ‘এলাকার কারও সঙ্গে আমার শত্রুতা নেই। তবে বাজারের পাশের মসজিদের জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে গ্রামবাসীর সমস্যা আছে। আমি গ্রামবাসীর পক্ষে থাকায় ওই পক্ষ আমার ওপর ক্ষুব্ধ বলে জানি।’