ভুয়া প্রকল্প দেখিয়ে ও কাজ না করে টিআরের চাল আত্মসাৎ!
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভুয়া প্রকল্প দেখিয়ে এবং কোনো কাজ না করেই টেস্ট রিলিফের (টিআর) চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় কয়েকজন ব্যক্তি গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। পিআইওর কার্যালয় ও অভিযোগ থেকে জানা গেছে, চলতি বছর সদর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের সর্বজনীন দুর্গামন্দির উন্নয়ন প্রকল্পের নামে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি ভুয়া দাবি করে গতকাল ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের হিমেন্দু রায় চৌধুরী। অভিযোগে তিনি উল্লেখ করেন, উত্তর কামলাবাজ গ্রামে কোনো দুর্গামন্দির নেই। ভুয়া প্রকল্প দেখিয়ে ওই চাল আত্মসাৎ করা হয়েছে। ওই প্রকল্পের সভাপতি হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শম্ভূ আচার্য। তিনি বলেন, ‘আমি নামেমাত্র সভাপতি। এ জন্য স্বাক্ষর করেছি।’
লালপুর গ্রামের কাঞ্চন কাদেরীর মাজার উন্নয়ন প্রকল্পের তিন মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মাজারের পরিচালক আলী আকবর। তিনি বলেন, মাজার কমিটির কেউ এই প্রকল্পের বিষয়ে জানেন না। কোনো কাজও হয়নি।
সাচনাবাজার সর্বজনীন দুর্গামন্দির উন্নয়ন প্রকল্পের নামে ছয় টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাজারের ব্যবসায়ী ছানু মিয়া। পিকুল রঞ্জন নামের এক ব্যক্তিকে এই প্রকল্পের সভাপতি করা হয়েছে। কিন্তু সাচনাবাজারে পিকুল রঞ্জন নামের কেউ নেই বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
লক্ষ্মীপুর গ্রামের খেলার মাঠ ভরাট প্রকল্পের নামে ছয় টন চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমি নামেমাত্র সভাপতি। এ বিষয়ে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবেন।’
ওই ইউপির চেয়ারম্যান ফয়জুল আলম মোহন বলেন, ‘একবার এমপি সাহেব এই মাঠে খেলার উদ্বোধন করতে এসেছিলেন। তখন আমি মাঠের কাজ করিয়েছিলাম। এখন এই বরাদ্দ দিয়ে সেটা সমন্বয় করা হয়েছে।’
জামালগঞ্জ উপজেলার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম বলেন, দুর্গাপূজার সময় উপজেলার প্রতিটি মন্দিরে স্থানীয় সাংসদ পাঁচ হাজার টাকা করে দিয়েছিলেন। এখন দুটি মন্দিরের নামে প্রকল্প দেখিয়ে সেই টাকা সমন্বয় করা হয়েছে। একইভাবে মাজারের ওরসে আগে টাকা দেওয়া হয়েছিল।
ইউএনও এস এম শফি কামাল বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে।