ভুয়া মামলা করে তিনজন কারাগারে
জালিয়াতির মাধ্যমে দলিল বাতিল ও উচ্ছেদের মামলা করে ফেঁসে গেছেন আমমোক্তার দাতা-গ্রহীতাসহ তিনজন। মামলার বাদীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ সাউদ হাসান এ আদেশ দেন। বিচারক তিনজনের বিরুদ্ধে মামলা এবং আটক তিনজনকে আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন।
এই তিন ব্যক্তি হলেন পলাশ চন্দ্র দাস, জীবন কৃষ্ণ দাস ও মোস্তাক আহম্মেদ।
সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার অলিউর রহমান প্রথম আলোকে বলেন, দলিল বাতিল ও উচ্ছেদ চেয়ে রাজধানী ওয়ারী থানার পলাশ চন্দ্র দাস ও জীবন কৃষ্ণ দাস একটি মামলা করেন। আজ বাদী উপস্থিতি ও অন্য পক্ষের মূল দলিল দাখিলের জন্য দিন ধার্য ছিল। পলাশ চন্দ্র দাস দাবি করে আরেক ব্যক্তি আদালতে যান। তখন জীবন কৃষ্ণ আদালতকে বলেন, এই ব্যক্তি পলাশ নন।
অলিউর রহমান আরও বলেন, স্ত্রী অসুস্থ থাকায় প্রকৃত পলাশ আদালতে আসতে পারেনি। আদালতে উপস্থিত জীবন কৃষ্ণকে তাঁর চাচাতো ভাই দাবি করেন পলাশ। আর আমমোক্তার গ্রহীতা মো. মোস্তাক আহম্মেদ আদালতে উপস্থিত পলাশকে দেখে বলেন, ‘দেখতে অনেকটা এমনই। এই পলাশ প্রকৃত কি না তা বলতে পারব না।’
আমমোক্তার দাতা-গ্রহীতা একে অপরকে চিনতে না পারায় আদালতের সন্দেহ হয়। আদালতের জেরার মুখে আটক তিনজন অসংলগ্ন কথা বলতে শুরু করেন। এ ঘটনার পর মামলার সংশ্লিষ্ট আইনজীবীকে পাওয়া যায়নি।
আদালত সূত্র বলেছে, চলতি বছরের ১৩ মে রাজধানী কোতোয়ালি থানাধীন সৈয়দ আওলাদ হোসেন লেনস্থিত বাসিন্দা পলাশ চন্দ্র দাস এ মামলা করেন। মামলায় আবু তাহের, সালেহা পারভীনসহ নয়জনকে বিবাদী করা হয়। মামলাটিতে দলিল বাতিল ও উচ্ছেদের ঘোষণা চাওয়া হয়েছে।