ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার পদ্ধতি জানতে চায় সংসদীয় কমিটি
ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার পদ্ধতি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের কোন পদ্ধতিতে চিহ্নিত করা হচ্ছে তা জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মুক্তিযোদ্ধার সংজ্ঞা কী, তা-ও জানতে চেয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল বুধবার এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাঁচ সরকারি কর্মকর্তার ভুয়া সনদ নিয়ে আলোচনার জন্য কমিটি পরবর্তী বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে উপস্থিত থাকতে বলেছে। বৈঠকে মুক্তিযোদ্ধা শনাক্ত করার নীতিমালা সুস্পষ্ট করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বারবার বিতর্ক হচ্ছে। পাঁচজন কর্মকর্তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিষয়ে কমিটির আগামী বৈঠকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষও উপস্থিত ছিলেন।