ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
মানিকগঞ্জে সম্প্রতি ভুয়া ও কথিত সাংবাদিকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তাঁরা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সাংবাদিক লেখা মনোগ্রাম (স্টিকার) লাগিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করছেন। এতে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকেরা এসব ভুয়া ও কথিত সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, জেলা ডিএসবি শাখার সহকারী পুলিশ সুপার শাহিনুর আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সভাপতি মতিউর রহমান প্রমুখ।
গোলাম ছারোয়ার বলেন, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সাংবাদিক লেখা মনোগ্রাম ব্যবহার করে ভুয়া সাংবাদিকেরা মাদক পাচার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। এ ছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠনের কার্ডধারীরাও সাধারণ মানুষকে হয়রানি করছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।
পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের কাছে জেলা পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ভুয়া ও কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।