ভুয়া 'ম্যারেজ মিডিয়া' চক্রের আটজন গ্রেপ্তার
একটি ভুয়া ‘ম্যারেজ মিডিয়া’ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর শ্যামলী ও আফতাবনগর থেকে গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, ওই চক্রের প্রধান হোতা এরশাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ জানিয়েছেন, তাঁরা পাঁচ-ছয় বছর ধরে এ প্রতারণার সঙ্গে যুক্ত। অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র-প্রবাসী পাত্রীর সঙ্গে বিয়ের কথা বলে তাঁরা প্রতারণা করেন। প্রথমে তাঁরা পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে কেউ যোগাযোগ করলে জাল ভিসা, জাল বিদেশি পাসপোর্ট দেখিয়ে নানাভাবে প্রলুব্ধ করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর বরের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার নিয়ে কনে পালিয়ে যান।
মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে বিদেশি জাল পাসপোর্ট, ভুয়া ভিসা, জাল নিকাহনামা, নোটারি পাবলিকের স্ট্যাম্প পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের অন্য সদস্যরা হলেন আলমগীর হোসেন, ইকবাল হোসেন, মো. জাহাঙ্গীর, আসমাউল হুসনা মিশু, সাদিয়া মিতু, শায়লা শারমিন ও সালমা।