ভুরুঙ্গামারীতে কাজ না করেই লুটপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির ৩০৮ মেট্রিক টন গম এবং সাড়ে ২৯ লাখ টাকার ২৩৬টি প্রকল্পের অধিকাংশ কাজ না করে লুটপাটের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে উপজেলায় ১৪০টি প্রকল্পের বিপরীতে ২৬৯ মেট্রিক টন গম এবং সাংসদের মাধ্যমে ১৮টি প্রকল্পের বিপরীতে ৩৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় সাংসদের মাধ্যমে ৭৮টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ২৯ লাখ টাকা। অধিকাংশ বরাদ্দ মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব, কলেজ সংস্কার ও মেরামত এবং আসবাব কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে, বিভিন্ন ইউনিয়নে প্রতি টন গমের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অর্থের বরাদ্দ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি হাজার টাকার স্থলে ৪০০ টাকা করে দেওয়া হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, ভুরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার বাবদ পাঁচ মেট্রিক টন গম এবং আসবাব কেনার জন্য ৫০ হাজার টাকা, ভুরুঙ্গামারী বাজার জামে মসজিদে পৌনে দুই মেট্রিক টন গম এবং ৫০ হাজার টাকা, কিশলয় বিদ্যানিকেতনে তিন মেট্রিক টন গম ও ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।অভিযোগ রয়েছে, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে ৪৬ মেট্রিক টন গমের মোট ১৯টি প্রকল্প এবং প্রায় ২০ লাখ টাকার ৫২টি প্রকল্প বাস্তবায়নে পৃথক পৃথক কমিটি থাকলেও বাস্তবে অধিকাংশ প্রকল্পের কাজ করছেন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুর রহমান। আর তিনি অধিকাংশ প্রকল্পের কাজ না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেন। তবে মাহমুদুর রহমান তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন।ভুরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, বিদ্যালয়ের ঘর সংস্কার বাবদ পাঁচ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। শুধু স্বাক্ষর দিয়েছি, গম কিংবা টাকা কিছুই পাইনি। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জার রহমান বলেন, তাঁর বিদ্যালয়ের নামে পাঁচ মেট্রিক টন গম এবং ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। টুকটাক কাজ চলছে, বাকি কাজ চেয়ারম্যান করবেন। কিশলয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, তাঁর বিদ্যালয়ের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান দিয়েছেন ১৭ হাজার টাকা।সদর ইউনিয়নে কেন্দ্রীয় মন্দির সংস্কারের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও এ নামে কোনো প্রতিষ্ঠান নেই। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকাররম হোসেন কোনো কথা বলতে রাজি হননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক অভিযোগগুলো খতিয়ে দেখবেন বলে জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই মাস্টার বলেন, তিনিও অভিযোগ পেয়েছেন; এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।