ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ
ঢাকার ধামরাইয়ের মেডিসিটি চেস্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল অস্ত্রোপচারে তাহমিনা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালের মালিক থোরাসিক সার্জন (বক্ষ অস্ত্রোপচারকারী) মোবারক হোসাইন গত শনিবার রাতে তাহমিনার শরীরে অস্ত্রোপচার করেন।
মোবারক হোসাইন রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের রেজিস্ট্রার। মাস ছয়েক আগে তিনি ধামরাইয়ের ইসলামপুরে নিজের বাসায় ওই হাসপাতালের কার্যক্রম শুরু করেন। গত ১৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সাত মাসের জন্য হাসপাতালটির অনুমোদন দেওয়া হয়। এর আগে অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর দায়ে উপজেলা প্রশাসন ওই হাসপাতালকে জরিমানা করে।
ধামরাইয়ের হাতকোড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, তাঁর ছোট ভাই আতিকুর রহমানের স্ত্রী তাহমিনার প্রসব ব্যথা উঠলে শনিবার সন্ধ্যায় তাঁকে মেডিসিটি চেস্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে তাহমিনার শরীরে মোবারক অস্ত্রোপচার করেন। তাহমিনার পুত্রসন্তান হয়। এর পর থেকে তাহমিনার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এ অবস্থায় মোবারক গা ঢাকা দেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁর (তাহমিনার) অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তাহমিনা মারা যান। আনোয়ার অভিযোগ করেন, বক্ষব্যাধির চিকিৎসক হয়ে মোবারক ভুল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছেন।
গত রোববার রাতে এনাম মেডিকেলের চিকিৎসক কান্তি মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাহমিনার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এখানে রক্তক্ষরণ বন্ধের জন্য তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। এরপরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁর অবস্থার অবনতি হতে থাকে।
গতকাল দুপুরে ধামরাইয়ের ওই হাসপাতালে গিয়ে ব্যবস্থাপক মনির হোসেন ও তিন সেবিকা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মালিক মোবারকও ছিলেন না। মনির হোসেন বলেন, হাসপাতালের মালিক মোবারক বক্ষব্যাধি হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের রেজিস্ট্রার। তিনি নিজেই তাহমিনার দেহে অস্ত্রোপচার করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এনামে মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবারক প্রথম আলোকে বলেন, আগে থেকেই তাহমিনার নানা সমস্যা ছিল। তাই মা ও নবজাতককে বাঁচাতে দ্রুত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। কিন্তু আগের সমস্যাগুলোর কারণে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বক্ষব্যাধির সার্জন হয়ে প্রসূতিকে অস্ত্রোপচার করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, ‘কেন পারব না? আমি তো সার্জন। তাই প্রয়োজনে সব ধরনের রোগীর দেহেই অস্ত্রোপচার করতে পারি। এ ছাড়া স্ত্রীরোগ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে।’ তবে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন খান বলেন, মানবদেহের বিভিন্ন অঙ্গ ও রোগের জন্য পৃথক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। প্রসূতির চিকিৎসাসহ তাঁর দেহে অস্ত্রোপচারের কাজ স্ত্রীরোগ বিশেষজ্ঞের। বক্ষব্যাধির সার্জন হয়ে প্রসূতির দেহে অস্ত্রোপচার করতে পারেন না। অনুমোদন না থাকায় মাস খানেক আগে হাসপাতালটিকে জরিমানা করা হয়। এরপর অনুমোদন পেলেও আরও একটি দুর্ঘটনা ঘটল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।