ভুল অস্ত্রোপচারে মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলায় অনুমোদনহীন একটি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের কারণে শেফালি খাতুন (২৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ওই ক্লিনিকের পরিচালক ও চিকিৎসক লাশ দাফনের জন্য ছয় হাজার টাকা দিয়ে নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছেন। চিকিৎসক ভুল অস্ত্রোপচারের কথা স্বীকার করেছেন।গত শনিবার ধুনট কলেজ সড়কে অবস্থিত ‘লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে। নিহত শেফালি সিরাজগঞ্জের কাজি-পুর উপজেলার পাইকপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী।জানা যায়, প্রায় তিন বছর ধরে সরকারি অনুমোদন ছাড়াই ক্লিনিক কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। শুক্রবার রাতে ওই গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। পরের দিন ভোর সাড়ে চারটায় পরিবারের লোকজন অস্ত্রোপচার করাতে তাঁকে ওই ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সকাল সাড়ে সাতটায় বগুড়ার শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ওই ক্লিনিকের পরিচালক লোকমান হোসেন তাঁর অস্ত্রোপচার করেন। শেফালি একটি কন্যাসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে সেলাই করার সময় খিঁচুনি উঠে তাঁর মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুল অস্ত্রো-পচারের কথা স্বীকার করে চিকিৎসক লোকমান হোসেন বলেন, ‘অস্ত্রোপচার শেষে খিঁচুনি উঠে রোগী মারা গেছে। রোগীর একলাম্পশিয়া (খিঁচুনি) ছিল। সেটা আমাকে কেউ জানায়নি। ক্লিনিকের নিবন্ধনের জন্য আবেদন করেছি। এখনো অনুমোদন পাইনি।’