ভুল অস্ত্রোপচারে রোগী মৃত্যুর অভিযোগ তদন্ত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে রোগী মৃত্যুর অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কুড়িগ্রাম সিভিল সার্জন জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গতকাল শুক্রবার ক্লিনিক কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে। এ সময় অভিযুক্ত চিকিৎসক আমিনুর রহমান উপস্থিত ছিলেন না।
জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু-সংক্রান্ত একটি খবর ২৬ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত হয়।
সিভিল সার্জন জয়নাল আবেদীন বলেন, ‘পরিচালক স্বাস্থ্য রংপুর বিভাগের আনিসুর রহমানের নির্দেশে এ তদন্ত শুরু হয়। এ সময় অভিযুক্ত চিকিৎসক আমিনুর রহমান ছিলেন না। তিনি চাকরি করেন অনেক দূরে বরিশালে। এখানে এসে কী করে অস্ত্রোপচার করেন, তা বোধগম্য নয়।’
নাগেশ্বরী পৌর এলাকার মাজারপাড়া গ্রামের আতাউর রহমানের স্ত্রী শরিফা বেগম (২৮) পিত্তথলিতে পাথরজনিত (গলব্লাডার স্টোন) জটিলতা নিয়ে ২২ অক্টোবর জনতা ক্লিনিকে ভর্তি হন। ২৩ অক্টোবর সকালে অস্ত্রোপচার করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক আমিনুর রহমান। ২৪ অক্টোবর রোগীকে রংপুর নেওয়ার পথে মারা যান।