ভুল অস্ত্রোপচারের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসকের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভুল চিকিৎসা করে এক নারীর স্তন কেটে ফেলার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরামর্শক সার্জন শরীফুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াস জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর শরীফুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা বলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের এক নারীর (৩০) বাম স্তন কেটে ফেলেন। আর ওই নারীর প্যাথলজিক্যাল প্রতিবেদন তৈরি করেন ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু। ওই বেসরকারি হাসপাতালে এ চিকিৎসক দুজন রোগী দেখেন।
পরবর্তী সময়ে বায়োপসি প্রতিবেদনে দেখা গেছে, ওই নারী ক্যানসার আক্রান্ত ছিলেন না। বরং তিনি সাধারণ ফোড়াজনিত অসুস্থতায় ভুগছিলেন। এরপর গত ২৮ ডিসেম্বর এই নারীর স্বামী শেরপুর জেলা আমলি আদালতে চিকিৎসক শরীফুল ও কুণ্ডুর বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে শ্রীবরদী থানার পুলিশ ৩ জানুয়ারি অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে। গত শুক্রবার পুলিশ শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে শরীফুলকে গ্রেপ্তার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে ওই নারীর প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে মামলার আসামি অপর চিকিৎসক ঘটনার সঙ্গে জড়িত কি না। জড়িত থাকলে তাঁকেও গ্রেপ্তার করা হবে।