ভুল করলে ধরিয়ে দিতে বলল খুলনা ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ভুল করলে সেই ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের খুলনা শাখার নেতারা। আজ বুধবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় ছাত্রলীগ। খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।


গত শনিবার খুলনার সরকারি আযম খান কলেজে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ হয়। এরপর খুলনা মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। তবে আজকের সংবাদ সম্মেলনে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও এম এম সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনান অমিতাভ ঘোষ।

সংবাদ সম্মেলনে অমিতাভ বলেন, ‘সব গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা আপনাদের সামনেই ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছি। সমাজের ১০টি ভালো কাজের পাশে হয়তোবা দু-একটি খারাপ কাজও আপনাদের কাছে ধরা পড়তে পারে। আমরা আপনাদের কারও ছোট ভাই, কারও সন্তান অথবা ভাইপো। আমাদের ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আপনাদের আছে। কিন্তু আপনারা ভুল না ধরিয়ে যদি সেই ছোট ভুলকে জাতীয় পর্যায়ে তুলে ধরে আমাদের অপমানিত করেন, তাহলে কি আপনারা অনেক সম্মানিত হবেন?’

মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘খুলনা ছাত্রলীগের ১১ শীর্ষ নেতা মাদক ব্যবসায়ী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করে অমিতাভ বলেন, ‘এই প্রতিবেদনে ছাত্রলীগকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এই প্রতিবেদন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক’। তিনি বলেন, ওই প্রতিবেদনে ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সভাপতি দেব দুলাল বাড়ৈই, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন ও সহসভাপতি সুজন হাজরাকে জড়িয়ে লেখা হয়েছে, তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু তাঁদের কারও বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির কোনো অভিযোগ নেই।

অমিতাভ ঘোষ বলেন, ‘সংগঠনের কোনো কর্মী কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে সংগঠনের নাম ব্যবহার করেছে জানার সঙ্গে সঙ্গে আমরা তাঁকে দল থেকে বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। সেই ধারাবাহিকতায় প্রচার সম্পাদক বদিউজ্জামান মনাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। ক্রীড়া সম্পাদক জাফরিনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।’

খুলনা মহানগরের সংবাদ সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করে খুলনা জেলা ছাত্রলীগ। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আরাফাত হোসেন বলেন, ‘প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে খুলনা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঠিকাদার বলা হয়েছে। কিন্তু জেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর আমরা কোনো ঠিকাদারি কাজেই যাইনি। জেলা ও উপজেলার বাকি যাঁদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেগুলোও ভিত্তিহীন’।

প্রতিবেদকের বক্তব্য: ছাত্রলীগের নেতারাই খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগরের নেতাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করেছেন। ছাত্রলীগের নেতারা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন। প্রথম আলো ছাত্রলীগের সেই নেতাদের বক্তব্য প্রকাশ করেছে। জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিকাদারি করতেন বলে নিজেরাই স্বীকার করেছেন। তবে এখন তাঁরা ঠিকাদারি করেন না বলে দাবি করলেও সংগঠনের নেতারা বলেছেন, এখনো তাঁরা ঠিকাদারি নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।