ভুল করে বিলুপ্ত ইউপির নামে বরাদ্দ, আত্মসাৎ
বগুড়ার শাজাহানপুর উপজেলার বিলুপ্ত সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নামে ভুলবশত বরাদ্দ করা একটি প্রকল্পের ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ফাঁস হওয়ার পর শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমান বিলুপ্ত ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও সচিবকে নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গত রোববার তাঁদের শাজাহানপুর থানায় সোপর্দ করেন। গতকাল তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে ওই ব্যক্তিদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে তা ব্যাংকে জমা দেওয়া হয়। ইউএনও নিজেও এর সঙ্গে জড়িত এবং তা ধামাচাপা দিতে শুধু ওই দুই ব্যক্তির ওপর দোষ চাপিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২১ মার্চ প্রজ্ঞাপন জারি করে সুলতানগঞ্জ ইউপি বিলুপ্ত করে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তখন ওই ইউপির ব্যাংক হিসাব বন্ধ করা হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ভুলবশত ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) ১০ লাখ ৪১ হাজার ৮৮৬ টাকা ওই ইউপির নামে বরাদ্দ দেয়। ২০১১ সালের ২৮ জুন ওই টাকা তুলে আত্মসাৎ করা হয়। ২০১১-১২ অর্থবছরেও ভুলবশত ওই প্রকল্পের ১১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত জুন মাসে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে গত রোববার ইউএনও মজিবর রহমান বিলুপ্ত ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর খন্দকার মিজানুর রহমান ও পরিষদের সচিব এনামুল হককে উপজেলা পরিষদে ডেকে পাঠান। সেখানে তাঁদের দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন রাতেই তাঁদেরকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। গতকাল উপজেলা পরিষদের অফিস সহকারী মোস্তাক আহমেদ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুন মাসে শাজাহানপুর উপজেলায় ইউপি নির্বাচন হওয়ার কারণে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে বলা হয়, এ সময় যেহেতু ইউপির চেয়ারম্যানরা থাকবেন না, সে জন্য ইউপি সচিবের স্বাক্ষরে হিসাব লেনদেন হবে।আর এই সুযোগ নিয়ে তখন ইউএনও এবং সুলতানগঞ্জ ইউপির সাবেক সচিব ভুলবশত বরাদ্দ করা ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন। তাঁরা আরও বলেন, সুলতানগঞ্জ ইউপি বিলুপ্ত হয়েছে, এটা ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা জানেন। তার পরও ভুলবশত বরাদ্দ করা ওই অর্থের বিষয়টি ইউএনও মন্ত্রণালয়ে জানাননি। ২০১১-২০১২ অর্থবছরে আবারও ভুলবশত পাঠানো ওই প্রকল্পের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে সমস্যা হওয়ায় বিষয়টি ফাঁস করে দেওয়া হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে পুলিশ হেফাজতে থাকা বিলুপ্ত ওই ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনের সময় তিনি দায়িত্বে ছিলেন না। ওই সময় ভুলবশত পাঠানো প্রকল্পের টাকা কী হয়েছে, তা তাঁর জানা নেই। চলতি অর্থবছরের যে টাকা তোলার কথা বলা হয়েছে, তাতে তিনি স্বাক্ষর করেননি। বিলুপ্ত ঘোষণার পর ইউপির ব্যাংক হিসাবটি বন্ধ না করাটা তাঁর ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি। বিলুপ্ত ওই ইউপির সাবেক সচিব এনামুল হক বলেন, ২০১০-১১ অর্থবছরের টাকা প্রকল্প করে খরচ করা হয়েছে। চলতি অর্থবছরেও টাকা উত্তোলন করার কথা স্বীকার করেন তিনি। কিন্তু টাকা তুলতে তাঁর সঙ্গে আর কে স্বাক্ষর দিয়েছেন, এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। এদিকে ওই ইউপির সাবেক সদস্য খোরশেদ আলম বলেন, ২০১০-১১ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের টাকার কোনো কাজ হয়নি।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ইউএনও মজিবর রহমান দাবি করেন, ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত সুলতানগঞ্জ ইউনিয়ন ছিল। সে সময় প্রকল্প করে এই টাকা খরচ করা হয়। তৎকালীন চেয়ারম্যান মজিবর রহমান এসব করেন। তখন মজিবর রহমান দায়িত্বে ছিলেন না। তার পরও তিনি কীভাবে এসব করলেন, প্রশ্ন করলে ইউএনও কোনো সদুত্তর দিতে পারেননি। মামলার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।