ভুল করে ভারতের ভূখণ্ডে
বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে কুড়িগ্রাম-২ (সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসনের সাংসদ মো. জাফর আলী ও জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানসহ কয়েকজন গতকাল সোমবার পানিপথে ভুল করে ভারতে ঢুকে পড়েন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁদের পরিচয় পেয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দেন। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।জানা গেছে, সাংসদ জাফর আলী ও ডিসি হাবিবুর রহমান গতকাল সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন বিটিভির ক্যামেরাম্যান নাজমুল হোসেন।নাজমুল জানান, সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ঘাট থেকে একটি স্পিডবোট নিয়ে ব্রহ্মপুত্র নদ দিয়ে তাঁরা নারায়ণপুরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপুর থেকে নারায়ণপুর পর্যন্ত পুরো এলাকা এখন বন্যার পানিতে ডুবে আছে। এলাকাটি ভারতের আসাম সীমান্তসংলগ্ন। বোঝার উপায় নেই, কোনটা বাংলাদেশ আর কোনটা ভারতীয় ভূখণ্ড। স্পিডবোট নিয়ে চলতে চলতে একপর্যায়ে ভারতীয় বিএসএফের একটি টহল দল তাঁদের থামতে বলে। এরপর নিজেদের পরিচয় দেওয়ার পর বিএসএফের সদস্যরা জানান, তাঁরা ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন। এরপর আসাম রাজ্যের ধুপরী জেলার মসলাবাড়ী বিএসএফের ওই টইল দল তাঁদের পথ দেখিয়ে দেয়।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রাম ৪৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল জানান, বন্যার সময় সীমান্ত এলাকায় এমনটা ঘটতে পারে। খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের ২২ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফ তাঁদের পাঠিয়ে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংসদ জাফর আলী ও ডিসি হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, বন্যার সময় সীমান্ত এলাকায় পানিপথে এমন হতে পারে। তবে কোনো সমস্যা হয়নি। বিএসএফ ও বিজিবি সহযোগিতা করেছে।