ভুল খবরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় সহপাঠীর ভুল খবরে রিমা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের নন্দারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিমা ওই গ্রামের প্রবাসী কাজল মিয়ার মেয়ে। সে পাটুলী উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

রিমার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন নন্দারামপুর গ্রামে বিদ্যুৎ নেই। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফল জানতে পাশের বাড়িতে যায় রিমা। কিন্তু ফলাফলের খবর জানতে না পেরে বাড়িতে ফিরে আসার পথে এক সহপাঠীর কাছ থেকে জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। পরে বাড়ি ফিরে নিজের পড়ার ঘরের বাঁশের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রিমা গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে (ইংরেজি) অকৃতকার্য হয়েছিল। তবে এ বছর পরীক্ষায় অংশ নিয়ে সে ‘বি’ গ্রেড (জিপিএ-৩.৩১) পেয়ে কৃতকার্য হয়। এক ভাই ও এক বোনের মধ্যে রিমা বড়।

রিমার মা আকলিমা বেগম বলেন, ‘বৃষ্টির দিন হওয়ায় আমি দুপুরে ঘুমিয়েছিলাম। শফিকুল (রিমার ছোট ভাই) স্কুল থেকে রিমার পাসের খবর নিয়ে এসে আমাকে ঘুম থেকে জাগায় এবং তার খোঁজ করে। পরে তার ঘরে গিয়ে দেখি, সে বাঁশের আড়ায় ঝুলে আছে। কী কারণে সে আত্মহত্যা করেছে আমরা বলতে পারছি না। তবে শুনেছি, কে যেন তাকে ফেল হওয়ার খবর দিয়েছে।’

বেলাব থানার ওসি সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরাও শুনতে পেয়েছি, রিমাকে এক সহপাঠী ভুল খবর দেওয়ায় সে আত্মহত্যা করেছে। তবে কে তাকে ভুল খবর দিয়েছে, তার পরিচয় জানা যায়নি।’