ভুল চিকিত্সার চিকিত্সা নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে চোখে ঝাপসা দেখছিলেন ঢাকার গাউছিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভি মো. আবদুর রহিম খান। আরেকটু ভালো দেখার আশায় গিয়েছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। চিকিত্সকেরা ছানি কাটার পর ভালো করে দেখা দূরে থাক, আবদুর রহিম এ চোখে কিছু দেখতেই পাচ্ছেন না। 

জন্মের পর মায়ের মুখ ভালো করে দেখার আগেই দৃষ্টি হারিয়েছে ঢাকার বাসিন্দা মিরাজুল হুদা ও মো. মাজহারুল আনোয়ারের মেয়েরা। শিশু দেবস্মিতা জন্মের পরপরই হারিয়েছে মা কৃষ্ণা গাঙ্গুলিকে।

এসব রোগীর স্বজনদের অভিযোগ, চিকিত্সকের ভুলে তাঁরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। অভিযোগ করেও তাঁরা প্রতিকার পাননি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) যথাযথভাবে অভিযোগ দায়ের করলে প্রতিকার পাওয়া সম্ভব। আদালতেও মামলা করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তিরা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর থেকে বিএমডিসি মাত্র একজন চিকিত্সকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ওই চিকিত্সক একটি অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচার করার পর রোগী মারা যান। ওই অস্ত্রোপচারে অবেদনবিদের (অ্যানেসথেসিস্ট) দায়িত্ব পালন করছিলেন একজন ওয়ার্ডবয়। এর বাইরে আর কেউ কখনো বিএমডিসিতে অভিযোগ জানিয়ে প্রতিকার পাননি।

বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া দাবি করেছেন, ৯৯ ভাগ ক্ষেত্রে অভিযোগ যথাযথ প্রক্রিয়ায় দায়ের হয় না বলে অভিযোগ নিষ্পত্তি হয় না।  চিকিত্সক ও হাসপাতালের নাম অসম্পূর্ণ থাকে। অভিযোগকারীর জায়গায় বিক্ষুব্ধ জনতা উল্লেখ করা হয় প্রায়ই। এ পরিস্থিতিতে তাঁদের তদন্ত করে দেখার সুযোগ থাকে না। চিকিত্সক যদি অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচার করেন, ভুয়া ডিগ্রিধারী হন অথবা তদন্তে চিকিত্সকের অপরাধ প্রমাণিত হয়, তাহলে বিএমডিসি চিকিত্সকের সনদ বাতিল করতে পারে। 

তবে বিএমডিসির সূত্রগুলোই বলছে, আদতে প্রতিষ্ঠানটির দৌড় কারণ দর্শানোর নোটিশ দেওয়া পর্যন্ত। বিএমডিসি অনেকটা ডাকপিয়নের মতো দায়িত্ব পালন করে। অভিযুক্ত চিকিত্সক যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানই অভিযোগের তদন্ত করে। বিএমডিসি এক পক্ষের চিঠি অন্য পক্ষকে পৌঁছায়। অনুসন্ধানে এ বক্তব্যের সত্যতা মিলেছে।

পাঁচ বছরে বিএমডিসি খতিয়ে দেখেছে চার অভিযোগ

বিএমডিসি বলছে, মাসে গড়ে পাঁচটি অভিযোগ জমা হয় বিএমডিসিতে। সে হিসাবে গত পাঁচ বছরে ৩০০ অভিযোগ জমা হওয়ার কথা। কিন্তু গত পাঁচ বছরে বিএমডিসি মাত্র চারটি অভিযোগ খতিয়ে দেখেছে। এর মধ্যে একটি অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাকি তিনটির ঘটনায় কোনো চিকিত্সকের গাফিলতি খুঁজে পায়নি বিএমডিসি।

গাউছিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভি মো. আবদুর রহিম খানের অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। আবদুর রহিমের অভিযোগ, ২০১২ সালের নভেম্বরে চোখের ছানি কাটাতে যান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। ছানি কাটার পর তাঁর এক চোখ অন্ধ হয়ে যায়। উচ্চ আদালতের নির্দেশে বিএমডিসি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে। পাঁচ সদস্যের একটি কমিটি ছয় মাস তদন্তের পর চিকিত্সককে নির্দোষ বলে ঘোষণা করে।

তবে, নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ইনস্টিটিউটের তত্কালীন পরিচালক ও বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক তাঁর পর্যবেক্ষণে লিখেছেন, ‘কমপ্লিকেশন’ ছিল। তিনি তাঁর মন্তব্যে লেখেন, ‘আমার মতে ভুল চিকিত্সা হয়েছে কথাটা সঠিক নয়, বরং একটি কমপ্লিকেশনের পর ধারাবাহিকভাবে আরও কিছু কমপ্লিকেশন হওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রোগীর চিকিত্সাপদ্ধতি প্রদানের পর রোগীর অবস্থা বিশেষ করিয়া সার্জারি করিবার পর যদি কোনো কমপ্লিকেশন হয়, সে বিষয়টি বিস্তারিতভাবে রোগী ও রোগীর অভিভাবককে জানানো উচিত বলে আমি মনে করি।’

১৭ মার্চ মো. আবদুর রহিম খান প্রথম আলোকে বলেন, ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার পর তাঁর বাম চোখের অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। পরে তিনি দীন মো. নুরুল হকের ব্যক্তিগত চেম্বারে চিকিত্সা নিয়েছেন। এখন বাম চোখটা ভালো।

দুই চোখ হারিয়েছে মিরাজুল হুদা ও মো. মাজহারুল আনোয়ারের মেয়েরা। শিশু দুটি জন্মের পর দীর্ঘদিন ইনকিউবেটরে ছিল, নাকে ছিল অক্সিজেনের নল। অতিরিক্ত অক্সিজেন প্রয়োগে ওরা দৃষ্টিশক্তি হারিয়েছে বলে আশঙ্কা করেন শিশু দুটির অভিভাবক। বিএমডিসিতে তাঁরা তাঁদের অভিযোগের সমর্থনে একজন চক্ষু বিশেষজ্ঞের সনদও দাখিল করেছিলেন। কিন্তু অভিযুক্ত চিকিত্সকেরা বলেছেন, অভিভাবকদের গাফিলতি ছিল। জন্মের ছয় সপ্তাহের মধ্যে তাঁরা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেননি।

রিয়াদ সেন্ট্রাল হসপিটালের পরামর্শক ও সার্জন চক্ষু বিশেষজ্ঞ হাসান ইলিয়াস ঢাকায় রোগী দেখেন। তাঁর দেওয়া একটি সনদ অভিভাবকেরা বিএমডিসিতে উপস্থাপন করেন যেখানে ওই চিকিত্সক লিখেছেন, ‘আমার মতে চিকিত্সায় মারাত্মক ভুল হয়েছে। চিকিত্সকের অবশ্যই জানা উচিত ছিল, অপরিণত কোনো শিশু যখন ইনকিউবেটরে থাকে, তখন তাকে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হবে। শিশুকে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানোর প্রয়োজন নেই। এটা পরিষ্কার যে শিশুটি যথাযথ চিকিত্সা পায়নি। ...সে এখন অন্ধ।’

এ ঘটনায়ও অভিযুক্ত দুই চিকিত্সক শরিফুন নাহার ও আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। চিকিত্সক ও জাতীয় অধ্যাপক এম আর খান, নাজমুন নাহার, মো. হানিফ, দীন মো. নুরুল হক, ফিরোজ আহমেদ খান ও কোহিনূর বেগমের সমন্বয়ে গঠিত চিকিত্সকদের একটি দল অভিযোগ খতিয়ে দেখেন।

ওই কমিটি মন্তব্য করে, ‘অভিযোগকারীদের অভিযোগ অতিরিক্ত অক্সিজেন প্রয়োগ কিংবা দেরিতে রেফারেল, আরওপি (রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি) একমাত্র কারণ। এটি যুক্তিসংগত অভিযোগ নয় বলে তদন্ত কমিটি মনে করে। দুটি নবজাতকেরই তার অনেকগুলোই বিদ্যমান।’

কিছুটা গড়িয়েছিল চিকিত্সক মৃত্যুর তদন্ত

গত বছরের ১৩ জানুয়ারি চিকিত্সক মাজহারুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী শামীমা সুলতানা বিএমডিসিতে গ্যাস্ট্রোলিভার ক্লিনিকের চিকিত্সক আবু জাফর ও মাহবুবুল আলম মুনীরের বিরুদ্ধে অভিযোগ করেন। পাইলস অপারেশন করতে গিয়ে মারা যান চিকিত্সক মাজহার।

ওই ঘটনায় সরকারিভাবেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১২। কমিটির প্রধান ছিলেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার। ওই কমিটি অস্ত্রোপচারের পরে ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পায় এবং শাস্তির সুপারিশ করে।

বিএমডিসি প্রায় এক বছর একপক্ষের চিঠি অন্যপক্ষকে পৌঁছান। এ বছরের ২৪ ফেব্রুয়ারি শামীমা সুলতানা অভিযোগ প্রত্যাহার করে নেন।

দীর্ঘসূত্রতার আশঙ্কায় এগোননি কৃষ্ণার স্বজনেরা

২০১১ সালের ১৭ সেপ্টেম্বর কৃষ্ণা গাঙ্গুলি মিরপুরের আজমল হাসপাতালে সন্তান জন্ম দিতে যান। স্বজনদের অভিযোগ, অ্যানেসথেসিয়ার মাত্রা বেশি হয়ে যাওয়ায় জ্ঞান ফেরেনি কৃষ্ণার।

ওই ঘটনায় বিএমডিসির চিকিত্সক ফেরদৌসি রুবিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ফেরদৌসি রুবি জবাবে অভিযোগ অস্বীকার করেন। তদন্ত থেমে থাকে এখানেই।

কৃষ্ণার স্বামী দেবাশীষ গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, সদ্যভূমিষ্ঠ মা-হারা শিশুটিকে নিয়ে তাঁরা তখন নিরুপায় হয়ে পড়েছিলেন। তাই তাঁদের পক্ষে অভিযোগ জানানো এবং পরবর্তী প্রক্রিয়াগুলো অনুসরণ করা সম্ভব হয়নি।

আদালতে দীর্ঘসূত্রতা

২০১২ সালের এপ্রিল মাসে দুর্ঘটনায় গোলাম আরেফিনের হাত ভেঙে যায়। আগারগাঁওয়ের ক্লিনিক সেবিকা জেনারেল হাসপাতালে তাঁর হাতের ভেতর একটি পাত লাগানো হয়। এক বছর পর গত বছরের ৩০ এপ্রিল গোলাম আরেফিন তাঁর হাত থেকে পাতটি বের করতে আবার যান সেবিকা জেনারেল হাসপাতালে। অচেতন করার পর গোলাম আরেফিনের জ্ঞান ফেরেনি। ওই ঘটনায় গোলাম আরেফিনের বড় ভাই গোলাম মোজতবা চিকিত্সক হাফিজুর রহমান খান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। প্রায় এক বছর ধরে মামলাটি চলছে। মোট চারবার শুনানি হয়েছে। মোজতবা সুফল পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।

গলদটা কোথায়?

ভুল চিকিত্সার ঘটনায় বিএমডিসিতে অভিযোগ করা যায়, এ খবরটিই অধিকাংশ মানুষের কাছে নেই। কী প্রক্রিয়ায় অভিযোগ জানানো যায়, সে সম্পর্কেও জানেন না দেশের বেশির ভাগ মানুষ। বিএমডিসি কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত চিকিত্সকের পূর্ণ নাম, চিকিত্সা প্রতিষ্ঠানের নাম, অভিযোগকারীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লিখে বিএমডিসির রেজিস্ট্রার বরাবর চিঠি দিতে হবে। অভিযোগগুলো অধিকাংশ সময় অসম্পূর্ণ থাকে।

বিএমডিসির চেয়ারম্যান আবু শফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। এ বিষয়টি বাংলাদেশে চালু করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। 

বিএমডিসির চেয়ারম্যান আবু শফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি যেন ক্ষতিপূরণ পান, সে ব্যবস্থা রেখে আইন হচ্ছে।