ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ পৌর এলাকায় একটি ক্লিনিকে অবহেলা ও ভুল চিকিৎসায় গতকাল শনিবার এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তাঁর নাম সুবর্ণা আক্তার (২৮)। তাঁর বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বালিথা গ্রামে।এ ঘটনার প্রতিবাদে সুবর্ণা আক্তারের স্বজনেরা ‘মেডিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ওই ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর এবং সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ক্লিনিক এবং পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসব ব্যথা উঠলে সুবর্ণাকে তাঁর পরিবারের সদস্যরা গত শুক্রবার সকালে ওই ক্লিনিকে নিয়ে আসেন। বেলা দুইটার দিকে চিকিৎসক নূরে আখতার তাহমিনা তাঁর শরীরে অস্ত্রোপচার করেন। সুবর্ণা যমজ ছেলেশিশুর জন্ম দেন। গতকাল সকালের দিকে সুবর্ণার পাতলা পায়খানা শুরু হয়। চিকিৎসক শাহআলম সকাল নয়টার দিকে সুবর্ণার শরীরে স্যালাইন দেন। বেলা আড়াইটার দিকে সুবর্ণা মারা যান। চিকিৎসক শাহ আলম বলেন, সন্তান প্রসবের পর প্রসূতি ডায়রিয়ায় আক্রান্ত হন। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ছিল। এ জন্য নিরাময়ের জন্য তাঁকে ‘নিটক্সিন’ ট্যাবলেট ও ‘ডায়াসল্ট’ স্যালাইন দেওয়া হয়। এরপর তিনি অনেকটা সুস্থবোধ করেন। ঘটনার সময় তিনি ক্লিনিকে ছিলেন না। এ জন্য মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। চিকিৎসক নূরে আখতার তাহমিনার বক্তব্য নেওয়ার জন্য ক্লিনিকে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ ছিল।প্রসূতির স্বজনদের দাবি, চিকিৎসকের অবহেলা এবং তাঁদের ভুল চিকিৎসায় সুবর্ণা মারা গেছেন। এদিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় তাঁর আত্মীয়স্বজনেরা ক্লিনিকে হামলা চালায়। এ সময় তারা ক্লিনিকের বিভিন্ন কক্ষের কাচ ও চেয়ারসহ আসবাব ভাঙচুর করে। একপর্যায়ে বিকেল চারটার দিকে তারা ক্লিনিকের সামনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের সংযোগ সড়ক শহীদ সরণি লেন অবরোধ করে। এ সময় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।এ ব্যাপারে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মীর আকবর আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।