ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ, ক্লিনিকসিলগালা
নড়াইলের লোহাগড়ায় ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ, অবেদনবিদ ছাড়া অচেতন করতে গিয়েই রোগীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিঅ্যান্ডবি চৌরাস্তায় ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত ইভা আক্তার (২০) উপজেলার ইতনা গ্রামের রিপন সরদারের স্ত্রী।
এ ঘটনার প্রতিবাদে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ লোকজন রাতে ক্লিনিক ঘেরাও করে এ ব্যাপারে দায়ীদের শাস্তি দাবি করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান রাত আটটার দিকে ক্লিনিকটি সিলগালা করে দেন।
ইভার খালা চিনা বেগম (৫০) জানান, সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ইভাকে বৃহস্পতিবার বিকেলে ওই ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এ সময় অস্ত্রোপচার কক্ষে চিকিৎসক শামীম আল আজাদ, ক্লিনিকের মালিক হান্নান শেখ ও ক্লিনিকের তিনজন নারী কর্মী ছিলেন।
তিনি বলেন, ‘দুই-আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও ইভাকে বের না করায় আমাদের সন্দেহ হয়। অস্ত্রোপচার কক্ষের দরজা ধাক্কাতে থাকি। এ সময় দেখি ক্লিনিকের সামনে অ্যাম্বুলেন্স এসেছে। ইভার লাশ অ্যাম্বুলেন্সে তোলার জন্য ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে চিকিৎসকসহ ক্লিনিকের লোকজন পালিয়ে যান। অবেদনবিদ ছাড়া অজ্ঞান করতে গিয়ে অস্ত্রোপচারের আগেই ইভার মৃত্যু হয়েছে।’
রিপন সরদার বলেন, ‘আমার প্রথম সন্তান হতে যাচ্ছিল। আমার সুস্থ স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা করব।’
চিকিৎসক শামীম আল আজাদের মুঠোফোনে বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বেশ কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। ক্লিনিকের মালিক মুঠোফোনে বলেন, ‘শামীম আল আজাদ ওই রোগীর সিজারিয়ান অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। বাচ্চা প্রসব হওয়ার আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। তাই এ ব্যাপারে আর কিছু বলতে পারব না।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রেবেকা খান বলেন, মৃতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকের কাউকে পাওয়া যায়নি। ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।