ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় একটি বেসরকারি ক্লিনিকের অব্যবস্থাপনা ও চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত প্রসূতির স্বজনেরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৩ মে শহরের কাজীর মোড়ে অবস্থিত বেসরকারি ক্লিনিক হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন রানীনগরের এনায়েতপুর সোনারপাড়ার বজলার রহমানের মেয়ে বদরুন্নাহার (২২)। রাতে তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসক সুলতানা আফরোজ। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক সুস্থ থাকলেও বদরুন্নাহারের পেট ও বুকে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে। ২৪ মে সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে বদরুন্নাহার মারা যান।

বদরুন্নাহারের বড় ভাই মহাবুল হোসেনের অভিযোগ, তাঁর বোনের অবস্থা খারাপ হতে থাকলে বারবার ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসককে বলা হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুল চিকিৎসার কারণে বদরুন্নাহার মারা গেছেন।

হলি ফ্যামিলি হাসপাতালের ব্যবস্থাপক ফজলে কাদের বলেন, ‘আমাদের ক্লিনিকে কোনো অব্যবস্থাপনা হয়নি। রোগীর অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচজন চিকিৎসককে ডাকা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

সুলতানা আফরোজ নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (গাইনি অবস্) হিসেবে কর্মরত। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভুল চিকিৎসা করিনি। নবজাতকটি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। রোগীর বুকে ব্যথা ছিল এবং প্রেশার খুবই কম ছিল। রোগীর প্রস্রাবেরও সমস্যা হচ্ছিল। এ জন্য তাঁকে বগুড়ায় রেফার্ড করা হয়।’