ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
বগুড়া শহরের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পর সুস্থ থাকলেও ১৬ ঘণ্টা পর ক্লিনিকের একজন সেবিকা একটি ইনজেকশন দেওয়ার পরপরই ওই প্রসূতি মারা যান।
গত সোমবার রাতে বগুড়া সদর থানার অদূরে বাদুরতলার চকযাদু সড়কের সারা হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রসূতির নাম সুইটি বেগম (৩৫)। তিনি শহরের নামাজগড় গোরস্থানপাড়ার উজ্জ্বল শেখের স্ত্রী। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনেরা ওই হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান এবং হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও হাসপাতালটি বন্ধের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উজ্জ্বল শেখ জানান, সুইটি বেগমের প্রসবব্যথা উঠলে গত রোববার দিবাগত রাত চারটার দিকে ওই ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। সোমবার সকাল ছয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে সুইটি একটি পুত্রসন্তান জন্ম দেন। নিগার সুলতানা নামের একজন চিকিৎসক ওই অস্ত্রোপচার করেন। তখন চিকিৎসকও বলেছিলেন, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। উজ্জ্বল আরও জানান, সোমবার সন্ধ্যায় ক্লিনিক থেকে তাঁর খালাশাশুড়ি সেলিনা বেগম মুঠোফোনে তাঁকে জানান, ক্লিনিকের একজন সেবিকা একটি ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সুইটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
ক্লিনিকের ব্যবস্থাপক মো. হানজালা বলেন, হাসপাতালে সার্বক্ষণিক কোনো চিকিৎসক নেই। মালিক শফিকুল হক নিজেই সব রোগীর চিকিৎসা দেন। তিনি একজন এমবিবিএস চিকিৎসক।
শফিকুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, ঘটনার পর ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উজ্জ্বল শেখ হাসপাতালের মালিক, তত্ত্বাবধানে থাকা চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, হাসপাতালটি অনুমোদিত কি না এবং সেটি নিয়ম মেনে চলে কি না, তা খতিয়ে দেখা হবে। আর কারও অবহেলায় রোগীর মৃত্যু হয়ে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।