ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
নোয়াখালীর চাটখিল ইসলামিয়া হাসপাতাল (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পৌর শহরের ভীমপুর এলাকায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মোহামঞ্চদপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী সেতারা বেগমকে (৩৫) গত রোববার বিকেলে পেটের ব্যথার কারণে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের নির্বাহী পরিচালক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ টি এম জাবেদ হাসানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। পরে ওই হাসপাতালে গতকাল সেতারা মারা যান।
সেতারার বড় ভাই আবদুর রশিদ সাংবাদিকদের জানান, তিন দিন ধরে তাঁর বোনের চিকিৎসা চলার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁরা রোগীকে অন্যত্র স্থানান্তর করতে চান। কিন্তু চিকিৎসক জাবেদ হাসান তাঁদের অনুরোধে সাড়া না দিয়ে নিজেই খেয়ালখুশিমতো চিকিৎসা চালিয়ে যান। গতকাল সকাল সাতটার দিকে তাঁর বোনের পেটব্যথা বেড়ে গেলে জাবেদ হাসান তাঁকে একটি ইনজেকশন দেন। ইনজেকশনের পরপরই তাঁর বোন ছটপট করতে থাকেন এবং এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। তাঁর বোনের মৃত্যুর জন্য জাবেদ হাসান দায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনেরা এবং স্থানীয় উত্তেজিত লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, জাবেদ হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হওয়া সত্ত্বেও বেশির ভাগ সময়ই নিজের ক্লিনিকে চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিল উল্যাহ বলেন, জাবেদ হাসান তাঁকে (খলিল) জানিয়েছেন, তাঁর হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিনি স্বাস্থ্যকেন্দ্রে আসতে পারছেন না। তাই জাবেদ হাসানকে গতকাল কর্মস্থলে অনুপস্থিত দেখানো হয়েছে। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার জাবেদ হাসানের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর কথা শুনে তিনি নিজেই হাসপাতালে গেছেন এবং স্বজনদের এ বিষয়ে অভিযোগ দিতে বলেছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেননি।