ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামে ১০ মাস বয়সী ওই শিশুটি মারা যায়। দায়িত্বরত চিকিৎসক দাবি করেছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় শিশুটি মারা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত সিয়ামকে শিশু বিভাগে ভর্তি করা হয়। সে শিশুবিশেষজ্ঞ আবদুল্লাহ হিল সায়াদের তত্ত্বাবধানে ছিল। শিশুটির বাবা ইয়ার আলীর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রামে।
শিশুর মা তানিয়া বেগম জানান, হাসপাতালে ভর্তির পর সিয়ামের অবস্থার উন্নতি হচ্ছিল। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। গতকাল সকাল ১০টা দিকে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস সিয়ামকে একটি ইনজেকশন দেন। এরপরই তার শরীরের অবনতি হয়। কিছুক্ষণ পরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সিয়ামের মৃত্যুর পরপরই হান্না বিশ্বাস হাসপাতাল থেকে চলে যান।
গতকাল বেলা ১১টায় হাসপাতালে গিয়ে হান্না বিশ্বাসের দেখা মেলেনি। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
হাসপাতালের শিশুবিশেষজ্ঞ আবদুল্লাহ হিল সায়াদ বলেন, ‘শনিবার বিকেলে সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিয়াম শিশু ওয়ার্ডে ভর্তি হয়। আমার তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছিল। তার অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। তবে গতকাল সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়।’ ভুল চিকিৎসার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, ব্যবস্থাপত্র অনুযায়ী শিশুটিকে প্রয়োজনীয় ওষুধ ও সেবা দেওয়া হয়েছে।