ভুল চিকিৎসায় স্নাতকের ছাত্রী ও বৃদ্ধের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় টাঙ্গাইলের মির্জাপুরে লিপি আক্তার নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কাজী মো. হারুনূর রশীদ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে।
লিপি টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সমঞ্চান) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আমীর আলীর মেয়ে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লিপি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার শারীরিক সুস্থতা (অস্ত্রোপচারের যোগ্য কিনা) যাচাই না করেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লিপির মৃত্যুর খবরে তাঁর আত্মীয়স্বজন, এলাকাবাসী ও সহপাঠীরা কুমুদিনী হাসপাতালে ভিড় করেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালের প্রধান ফটক ঘেরাও করেন। এ সময় তাঁরা চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল সড়কে বিক্ষোভ করেন। এ পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ লিপির আত্মীয় ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসে। সভায় কর্তব্যে অবহেলার জন্য চিকিৎসকদের পক্ষে হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার ও কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম সবার কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
দুলাল চন্দ্র পোদ্দার ও আবদুল হালিম বলেন, অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের জন্য রোগী শারীরিকভাবে সুস্থ আছেন কি না, তা জানতে দেশের কোথাও পরীক্ষা করা হয় না। লিপির শ্বাসকষ্ট ছিল। তাঁর অবস্থা উন্নতি না হওয়ায় গতকাল সকালে কিছু পরীক্ষা করে দেখা গেছে, তিনি হূদেরাগে আক্রান্ত এবং হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
নবীনগর থানার পুলিশ ও মৃতের পরিবারের লোকজন জানান, নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের হারুনূর রশীদ গত সোমবার দাঁতের ব্যথা নিয়ে বিটঘর বাজারের মডার্ন ডেন্টাল ক্লিনিকে যান। সেখানে ক্লিনিকের স্বত্বাধিকারী ও দন্ত চিকিৎসক রাসেল আহমেদের পরামর্শে তাঁর একটি দাঁত তোলা হলে প্রচুর রক্তক্ষরণ হয়। ওই দিনই বাড়িতে ফিরে গেলে তাঁর অবস্থার অবনতি হয়। এ অবস্থায় তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরের দিন মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় হারুনূর রশীদের ছেলে কাজী মাইনুদ্দিন দন্ত চিকিৎসককে প্রধান আসামি করে গতকাল নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন।
দন্ত চিকিৎসক রাসেল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি জোর করে দাঁত ফেলিনি। আমার কাছ থেকে যাওয়ার পর তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পরে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।’