ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার কারণে ওয়াহেদা (৫) নামের একটি শিশুর বাঁ হাত কেটে ফেলতে হয়েছে—এই অভিযোগের তদন্তে গতকাল মঙ্গলবার কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ আগস্ট দুর্ঘটনায় ওয়াহেদা নামের ওই শিশুর বাঁ পা গুরুতর জখম হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার বাঁ পা কেটে ফেলা হয়। এর চার সপ্তাহ পর শিশুটির বাঁ হাতও (কবজি থেকে নিচের অংশ) কেটে ফেলা হয়। শিশুটির মা মরিয়ম বেগমের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর মেয়ের বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। তাঁর বক্তব্য, শিশুটির বাঁ হাতে জখম ছিল না। গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা মোজাহের আহমদ।
এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘দুর্ঘটনায় পা হারানোর পর শিশুটির হাতও গেল’ শিরোনামের প্রতিবেদন ছাপা হয়।
শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক গতকাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ওমর ফারুক ইউসুফের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করেন। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, ‘কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’