ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে নরসিংদী সদর উপজেলায় একটি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে।গতকাল রোববার সকালে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার ওয়েলকাম প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত নারীর স্বামী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাতে ফাহিমার (২৬) প্রসব বেদনা উঠলে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। রাতেই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক তুহিন সরকার ফাহিমার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পুত্রসন্তানের জন্ম হয়। এর দুই ঘণ্টা পর ফাহিমা কিছুটা সুস্থ থাকলেও শিশুটি মারা যায়। শনিবার রাত ১০টার দিকে ফাহিমাও মারা যান। এরপর চিকিৎসকের ভুল চিকিৎসায় ফাহিমার মৃত্যু হয়েছে বলে তাঁর বড় ভাই ফখরুল ইসলাম অভিযোগ করেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ফাহিমার স্বজনেরা এসে হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা আত্মগোপন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকের কী ধরনের ভুলে ফাহিমার মৃত্যু হয়েছে—জানতে চাইলে ফখরুল ইসলাম সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করে ওয়েলকাম প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক তুহিন সরকারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় ফাহিমার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।