ভুল চিকিৎসার প্রমাণ মেলেনি, প্রতিবেদন প্রত্যাখ্যান পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের ভুলে শিশু ওয়াহেদার (৫) বাঁ হাত কাটা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে শিশুটির অভিভাবকেরা চিকিৎসকদের তদন্ত কমিটির প্রতিবেদনকে ‘মনগড়া’ বলে দাবি করে বলেছেন, তাঁরা সুবিচার পেতে উচ্চ আদালতে যাবেন।

হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এস এম আশরাফ আলীকে প্রধান করে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করে। গতকাল সোমবার হাসপাতালের পরিচালক ওই প্রতিবেদন সম্পর্কে বলেন, তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ভুল চিকিৎসার প্রমাণ পায়নি। 

চট্টগ্রামের বাঁশখালীর চানপুরের শিশু ওয়াহেদা এখনো হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় বাঁ পায়ে আঘাত পায় সে। ওই দিনই হাসপাতালে তার বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। পরে ১৭ সেপ্টেম্বর শিশুটির বাঁ হাতও অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, ওই হাতে কোনো আঘাত ছিল না। ভুলভাবে ক্যানোলা লাগানোর কারণে হাতে পচন ধরে।

ভুল চিকিৎসায় হাত কেটে ফেলা হয়েছে—এই অভিযোগে গত ২১ সেপ্টেম্বর হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা মোজাহের আহমদ। এ জন্য অর্থোপেডিক বিভাগের তিন চিকিৎসক ও নার্সকে ঘটনার জন্য দায়ী করা হয়। অভিযোগ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

এ নিয়ে গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘দুর্ঘটনায় পা হারানো শিশুটির হাতও গেল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে শিশুটির বাবা মোজাহের আহমদ বলেন, ‘কমিটি ডাক্তারদের বাঁচিয়ে পক্ষপাতমূলক প্রতিবেদন দিয়েছে। আমরা ন্যায়বিচার পাইনি। আমরা বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাব।’ একই কথা বলেছেন শিশুটির আত্মীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আ ম কাজী হারুন উর রশীদ।