ভুল চিকিৎসার মামলায়...
সাতক্ষীরায় ভুল চিকিৎসার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরার মুখ্য হাকিম আদালতের বিচারক এ এইচ এম সামছুল আরেফিন তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার বাটকেখালী বক্ষব্যাধি হাসপাতালের কর্মী সাবরিনা ইয়াসমিন, একটি বেসরকারি সংস্থার কর্মী আবদুর রউফ ও সুপ্রিয়া ব্যানার্জি।মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের আবদুর রহমানের স্ত্রী মাজেদা খাতুন বুকের ব্যথার কারণে গত বছরের ১৪ অক্টোবর বাটকেখালী বক্ষব্যাধি হাসপাতালে যান। পরে আবদুর রউফ তাঁর কফ সংগ্রহ করে বক্ষব্যাধি হাসপাতালের কর্মী সাবরিনা ইয়াসমিনের মাধ্যমে পরীক্ষা করে যক্ষ্মায় আক্রান্ত হয়েছে মর্মে প্রতিবেদন দিয়ে দুই দিনের ওষুধ দেন। সুপ্রিয়া ব্যানার্জি দুই দিন পর মাজেদার বাড়িতে গিয়ে ছয় মাসের ওষুধ দিয়ে তা নিয়মিত খাওয়ার কথা বলে আসেন। কিছু দিন ওষুধ খাওয়ার পর মাজেদা গুরুতর অসুস্থ হয়ে পড়লে যশোরের বক্ষব্যাধি বিশেষজ্ঞ এম এ ওহাব তরফদারকে দেখান। চিকিৎসক মাজেদার শরীরে যক্ষ্মার কোনো জীবাণু নেই উল্লেখ করে যক্ষ্মার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি অসুস্থ হয়েছেন বলে জানান। মাজেদা খাতুন গত ২৩ জুলাই সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই তিনজনের নামে মামলা করেন।