ভুল চিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরান কাছারি এলাকার প্যানাসিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দরিদ্র পরিবারটির সঙ্গে তিন লাখ টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রফা করে বলে জানা গেছে।
কলেজছাত্রীর স্বজনেরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের মেহারি গ্রামের জাহের মিয়ার মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী আসমা আক্তার পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার অ্যাপেনডিক্সের ব্যথা হচ্ছে বলে চিকিৎসকেরা জানান। গত সোমবার সন্ধ্যায় আসমাকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। এরপর প্রায় দুই ঘণ্টা কাউকে অস্ত্রোপচারকক্ষের কাছেই যেতে দেওয়া হয়নি। অস্ত্রোপচারের সময়ই আসমার মৃত্যু হয়। পরে লাশ ফেলে চিকিৎসকেরা পালিয়ে যান। শেষে অন্য আত্মীয়স্বজনকে খবর দিয়ে এনে গত মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে লাশ বের করতে হয়।
হাসপাতালের ব্যস্থাপনা পরিচালক ইব্রাহিম খান সাদাত বলেন, কোনো ভুল চিকিৎসা হয়নি। অস্ত্রোপচারের ঘণ্টা দুয়েক পর রোগী মারা যায়। হয়তো তার হার্টে কোনো সমস্যা হয়েছিল।