ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় দুই পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় হেলেনা খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের ওবাইদুল হকের স্ত্রী। স্থানীয় ও গৃহবধূর পারিবাকি সূত্রে জানা গেছে, হেলেনা খাতুন কয়েক দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে স্বামী ওবাইদুল হক স্থানীয় পল্লি চিকিৎসক আমিনুল ইসলামকে নিজ বাড়িতে ডেকে আনেন। এ সময় চিকিৎসক রোগী দেখে তাঁর শরীরে স্যালাইন দিয়ে চলে যান। স্যালাইন চলাকালে ৩০ মিনিটের মধ্যে হেলেনা শরীরের খিঁচুনিতে ছটফট করতে থাকেন। এ অবস্থা দেখে ওবাইদুল আবার চিকিৎসক আমিনুলের কাছে যান। কিন্তু সেখানে আমিনুলকে না পেয়ে একই এলাকার আরেক পল্লি চিকিৎসক আবদুল হান্নানকে বাড়ি নিয়ে আসেন। হান্নান আগের দেওয়া স্যালাইন খুলে রেখে রাত নয়টার দিকে হেলেনার শরীরে নতুন একটি স্যালাইন দেন। এর ৩০ মিনিট পর থেকে রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে রাত সাড়ে ১২টায় মারা যান। হেলেনার বাবা সন্তোষ আলী জানান, সন্ধ্যায় আমিনুল ইসলাম গ্লুকোসাল স্যালাইন দেওয়ার প্রায় ৩০ মিনিট পর হেলেনার শরীরে কাঁপুনি (খিঁচুনি) হতে থাকে। পরে আবদুল হান্নান এসে পরীক্ষা-নিরীক্ষার পর ফ্রুকটিন টেন নামের আরেকটি স্যালাইন দেন। রাত সাড়ে ১২টায় মেয়েটা মারা যান। ওবাইদুল হক বলেন, ‘আমার স্ত্রীকে চিকিৎসকেরা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছেন। আমি এই দুই চিকিৎসকের বিচার চাই। আমার স্ত্রী মারা যাওয়ার সময় আমি আবার হান্নান ডাক্তারের কাছে গিয়া তাঁকে আসার জন্য পায়ে ধরে ছিলাম। কিন্তু তিনি আসেন নাই।’ সালিসদার সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ বলেন, মেয়ের সৎকারের জন্য ২০ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। পল্লি চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘আমার চিকিৎসা দেওয়ার সনদপত্র নেই। পাশের গ্রামের পল্লি চিকিৎসক আলতাবের কাছ থেকে ডাক্তারি শিখেছি। এই অভিজ্ঞতা নিয়ে হেলেনার শারীরিক অসুস্থতার বর্ণনা শুনে চিকিৎসা দিয়েছি।’চিকিৎসক আবদুল হান্নান বলেন, ‘আমি রোগীর অবস্থা দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছি। তাঁদের জোরাজুরির কারণে ফ্রুকটিন টেন নামের একটা স্যালাইন দিয়েছি। আমার চিকিৎসা দেওয়ার সনদপত্র নেই।’ধুনট থানার পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনার রশিদ বলেন, গ্রাম্য চিকিৎসকদের এ ধরনের জরুরি রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষমতা নেই। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।