ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শরুফা বেগম নামের এক গৃহবধূর মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডাবিরঘর গ্রামের এলেম মিয়ার স্ত্রী শরুফা বেগম (৩৭) গত বৃহস্পতিবার গলার অসুখ নিয়ে শহরের সেবা ক্লিনিকে ভর্তি হন। ওই দিন রাতেই চিকিৎসক আবদুল মান্নান এবং নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন আশিকুর রহমান ভূইয়া শরুফার গলায় অস্ত্রোপচার করেন। এর আধা ঘণ্টা পরই শরুফার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে শরুফার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশ দেখার পর বিকেলে তাঁর শাশুড়ি আবেদা বেগম (৭০) মারা যান। শরুফার মা সাফিয়া খাতুনের অভিযোগ, ভুল চিকিৎসায় তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।এ ঘটনায় চিকিৎসক আশিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে সেবা ক্লিনিকের স্বত্বাধিকারী বজলুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আশিকুর রহমান ও আবদুল মান্নান অস্ত্রোপচার সফল হয়েছে বলে আমাকে জানিয়েছেন। হূদরোগে আক্রান্ত হয়ে রোগী মারা গিয়ে থাকতে পারে।’ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।