ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় গতকাল বুধবার এক ক্লিনিকে ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে নুরেরচালার মুক্তিযোদ্ধা ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে তাসলিমার স্বামী ওয়ার্কশপ কর্মী মো. মাসুম সাংবাদিকদের জানান, তাসলিমা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাত দিন ধরে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে মুক্তিযোদ্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাসলিমার স্বাস্থ্যগত পরীক্ষা করে অস্ত্রোপচারের কথা বলে তাঁর কাছ থেকে এক হাজার টাকা নেন।
গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং অস্ত্রোপচার করতে হবে জানিয়ে চিকিৎসকেরা আরও পাঁচ হাজার টাকা নিয়ে বুধবার সকাল সাড়ে ছয়টায় ওই ক্লিনিকে যেতে বলেন। সে অনুযায়ী তাসলিমা ওই ক্লিনিকে গেলে তাঁকে একটি কক্ষে নেওয়া হয়।
অনেকক্ষণ পর রোগীর অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুম বলেন, তাসলিমার মৃত্যুর পর তাঁদের স্বজনেরা ওই ক্লিনিকে গিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ দেখেন। ক্লিনিকের লোকজন তালা মেরে পালিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তিনি মামলা করবেন। মাসুম ভাটারা থানাধীন নতুন বাজারের জলিল খন্দকারের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।